অপ্রতিরোধ্য সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে ম্যানচেস্টার সিটি। পরশু নিউক্যাসলকে ৩-১ গোলে হারিয়ে লিগে অপরাজেয় চেহারাটা ধরে রেখেছে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন ‘দৈত্য’রা। বিখ্যাত প্রতিবেশী ম্যানচেস্টার ইউনাইটেডকে অনেক আগেই তারা ঠেলে দিয়েছে দ্বিতীয় স্থানে। তবে অ্যালেক্স ফার্গুসনের দল পরের ম্যাচে জিতে ব্যবধানটা ৫ পয়েন্টের বেশি হতে দেয়নি। যদিও সোয়ানসির বিপক্ষে তাদের জয়টি মোটেই স্বস্তির ছিল না, জিতেছে ১-০ গোলে।পরশু ইস্টল্যান্ডে মুখোমুখি হওয়ার আগে নিউক্যাসলের গায়েও ছিল অপরাজিত তকমা। কিন্তু ইস্টল্যান্ড থেকে হেরেই ফিরতে হলো অ্যালান পারডিউয়ের দলকে। সিটির গতির তোড়েই তারা ভেসে গেছে। সিটিকে সহজ জয় এনে দিয়েছে মারিও বালোতেল্লি, মিকাহ রিচার্ডস ও সার্জিও আগুয়েরোর গোল।এই জয়ে ১২ ম্যাচের ১১টিতেই জয়, ড্র একটিতে, হার নেই—শিরোপার দাবি নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ছুটছে ম্যান সিটি! এটাই বাতাস দিয়েছে এই আলোচনায়, তাহলে কি আর্সেনালের সেই রেকর্ডটা ছুঁয়ে ফেলবে ম্যান সিটি?২০০৩-০৪ মৌসুমে আর্সেনাল লিগ শিরোপা জিতেছিল অপরাজিত থেকে। পুরো মৌসুমের ৩৮টি ম্যাচের একটিতেও পরাজয়ের দাগ গায়ে লাগেনি আর্সেন ওয়েঙ্গারের দলের। ম্যান সিটিও যেন হাঁটছে সেই পথেই। কিন্তু সিটির ইতালিয়ান কোচ রবার্তো মানচিনি মনে করেন না, তাঁর দল আর্সেনালের রেকর্ডটা ছুঁতে পারবে, ‘আমার তো আশা, আমরা এটা ধরে রাখি। কিন্তু লিগে যেহেতু এখনো ২৬টি ম্যাচ বাকি, আমি মনে করি, আমরা এমন একটা সময়ে পৌঁছাব, যখন একটি ম্যাচ হারতেই হবে। এ ব্যাপারে আমি নিশ্চিত।’পেনাল্টি থেকে গোল করে সিটিকে ১১ মিনিটে প্রথম এগিয়ে দেন বালোতেল্লি। দৌড়ে এসে একটু থেমে পেনাল্টি কিকটি এমনভাবে নেন ইতালিয়ান স্ট্রাইকার, নিউক্যাসল গোলরক্ষক ডাইভ দেওয়ার সময়ও পাননি। কোচ মানচিনি শিষ্যকে ভাসিয়েছেন প্রশংসায়, ‘এটা ছিল অবিশ্বাস্য। কেন জানি না, তবে মারিও কখনো পেনাল্টি মিস করবে না।’ আগুয়েরোর গোলটিও পেনাল্টি থেকে।সোয়ানসি থেকে ম্যানইউর তিনটি পয়েন্ট পাওয়াই ছিল স্বস্তির। রায়ান গিগসের পাসে ১১ মিনিটে একমাত্র গোলটি করেছেন মেক্সিকান স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেজ। এর আগে অধিনায়ক রবিন ফন পার্সির জোড়া গোলে আর্সেনাল প্রথমে পিছিয়ে পড়েও নরউইচের বিপক্ষে জিতেছে ২-১ গোলে। ১২ ম্যাচ শেষে ম্যান সিটির পয়েন্ট ৩৪, ম্যানইউর ২৯, ষষ্ঠ স্থানে থাকা আর্সেনালের ২২। ২৫ পয়েন্ট নিয়ে নিউক্যাসল আছে তৃতীয় স্থানেই। এএফপি।