অপ্রতিরোধ্য সিলেটের আরেকটি জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা চার ম্যাচ অপরাজিত থাকা সিলেট রয়্যালসকে হারের স্বাদ দেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল চিটাগং কিংস। নিজেদের মাঠে আজ জয়ের জন্য সিলেটকে ১৭৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল মাহমুদুল্লাহ-র দল। কিন্তু বল হাতে বেশ কয়েকবার শক্ত অবস্থানে যেতে পারলেও শেষপর্যন্ত আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে চিটাগং কিংসের ক্রিকেটারদের। পল স্টার্লিং, মোহাম্মদ নবী, এলটন চিগুম্বুরা ও নাজমুল হোসেনের লড়াকু ব্যাটিংয়ে ৩ উইকেটের দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে সিলেট রয়্যালস। আর টানা পাঁচ ম্যাচেই জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানের দখলটা আরও ভালোভাবে নিয়েছে মুশফিকুর রহিমের দল।জয়ের জন্য ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই হ্যামিল্টন মাসাকাদজার উইকেট হারায় সিলেট। চতুর্থ ওভারে মমিনুল হক ও সপ্তম ওভারে অধিনায়ক মুশফিকুর রহিমও সাজঘরে ফিরে গেলে খানিকটা চাপের মুখেই পড়ে যায় তারা। নবম ওভারের প্রথম বলে ৩৮ রান করা পল স্টার্লিংও দুর্ভাগ্যবশত রানআউটের ফাঁদে পড়েন। তখন স্কোরবোর্ডে জমা হয়েছিল মাত্র ৫৬ রান। এই পর্যায়ে অনেকেই হয়তো সিলেটের প্রথম হার কল্পনা করে নিয়েছিলেন। কিন্তু দলের চরম বিপর্যয়পূর্ণ পরিস্থিতিতে দারুণভাবে ঘুরে দাঁড়ান মোহাম্মদ নবী, নাজমুল হোসেন ও এলটন চিগুম্বুরা। পঞ্চম উইকেটে নবী ও নাজমুল গড়েন ৬৪ রানের চমত্কার ঝড়ো জুটি। ১৪তম ওভারে নবী পরিণত হন কেভন কুপারের শিকারে। তার আগে তিনি খেলেছিলেন ২৬ বলে ৪৩ রানের ম্যাচজেতানো ইনিংস। ষষ্ঠ উইকেটে আবার ৩৬ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে বেশ খানিকটা এগিয়ে দেন নাজমুল হোসেন ও এলটন চিগুম্বুরা। ১৮তম ওভারে নাজমুল ৩২ রান করে ফিরে গেলে আরও একবার জয়ের আশা জেগে ওঠে চিটাগং শিবিরে। কিন্তু চিটাগং সমর্থকদের হতাশ করেন চিগুম্বুরা। ১৭ বলে ৩১ রানের দারুণ এক ইনিংস খেলে সিলেটকে জিতিয়েই মাঠ ছেড়েছেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণভাবে করেছিলেন চিটাগং কিংসের দুই ওপেনার রবি বোপারা ও নাঈম ইসলাম। উদ্বোধনী জুটিতেই তাঁরা যোগ করেছিলেন ৭৮ রান। ১০ম ওভারে এই জুটি ভেঙ্গে সিলেট শিবিরে স্বস্তি ফেরান সোহাগ গাজী। ৩৪ রান করে ফিরে যান বোপারা। ঐ একই ওভারে রানের খাতা না খুলেই সাজঘরের পথ ধরেন চিটাগংয়ের আরেক বিদেশি ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর। বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি অধিনায়ক মাহমুদুল্লাহও। তিনি ফেরেন মাত্র ৯ রান করে। পঞ্চম উইকেটে ৬৪ রানের ঝড়ো জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান নাঈম ইসলাম ও রায়ান টেন ডেসকাট। ১৭তম ওভারে এই দুইজনকেই আউট করেন সোহরাওয়ার্দী শুভ। ৫২ বলে ৭২ রানের চমত্কার ইনিংস খেলেন নাঈম। ডেসকাটের ব্যাট থেকে আসে ২১ রান। শেষপর্যায়ে জ্যাকব ওরামের অপরাজিত ১৩ ও কেভন কুপারের ৯ রানের সুবাদে স্কোরবোর্ডে ১৭২ রান জমা করে চিটাগং কিংস।