অপ্রতিরোধ্য সুয়ারেজ

লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো... এরপর? লুইস সুয়ারেজ পরশু যা করেছেন এরপর কেউ তাঁর নাম নিলে বিস্ময়ের কিছু থাকবে না। তা কী করেছেন লিভারপুল স্ট্রাইকার? নরউইচের বিপক্ষে ৫-১ গোলের জয়ে চারটি গোল করেছেন বটে, কিন্তু যেভাবে গোলগুলো করেছেন, তাতেই যেন এক দিনেই নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়।
সুয়ারেজ-জাদুর শুরু ১৫ মিনিটে। হঠাৎই নিজেদের সীমানার একটু ওপরে বল পেয়ে যান এই স্ট্রাইকার। প্রতিপক্ষ গোলরক্ষককে একটু এগিয়ে আসতে দেখে দূর থেকেই শট নেন। অ্যানফিল্ডের ৪৪ হাজার দর্শক অবাক বিস্ময়ে ৩৫ গজি শটটাকে ধনুকের মতো বেঁকে ঢুকে যেতে দেখল জালে! এক বছর আগে একই প্রতিপক্ষের বিপক্ষে করা একটা গোলেরই ‘অ্যাকশন রিপ্লে’ যেন।
এরপরের গোলটা বাকিগুলোর মতো অতটা ‘চোখ ধাঁধানো’ নয়, কিন্তু যেকোনো স্ট্রাইকারের সেটিও অতিকাঙ্ক্ষিত। কুটিনহোর কর্নার থেকে বল পেয়ে কী দারুণভাবেই না বাঁ পায়ে বলটা জড়িয়ে দিলেন জালে!
২৮ মিনিটে দুই গোল, অ্যানফিল্ড তখন সুয়ারেজে সম্মোহিত। ৩৫ মিনিটে ‘সুয়ারেজ, সুয়ারেজ’ কোরাসটা চড়ল সপ্তমে। প্রথম গোলটা যদি মৌসুমের অন্যতম সেরা হয়, হ্যাটট্রিক গোলটার সঙ্গে সেটার নিশ্চিতই জোর লড়াই হবে। নরউইচের একজনকে হতভম্ব করে সুয়ারেজ বল নিয়ে ঢুকে পড়েন বক্সে। ডান পায়ের হাফভলিটা বুলেটগতিতে খুঁজে নিল জাল। হ্যাটট্রিক করে দুর্দান্ত একটা কীর্তিও করে ফেললেন। নরউইচের সঙ্গে এ নিয়ে তিনটি হ্যাটট্রিক হয়ে গেল এই স্ট্রাইকারের। একই প্রতিপক্ষের সঙ্গে কমপক্ষে তিনটি হ্যাটট্রিক নেই প্রিমিয়ার লিগের আর কোনো খেলোয়াড়েরই।
তিন গোলের পর কোথায় একটু আত্মপ্রসাদ চলে আসবে তা না! ৭৩ মিনিটে আবারও সুয়ারেজ। এবারের গোলটা ২৫ গজ দূর থেকে বাঁক খাওয়ানো ফ্রি-কিকে। এখানেই শেষ নয়, পরে রাহিম স্টারলিংকে দিয়ে করিয়েছেন আরেকটি গোল।
এমন ম্যাচের পর আসলে ফল নিয়ে কী আর বলার থাকে! লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স তাই সুয়ারেজ-স্তুতিতেই বুঁদ হয়ে রইলেন, ‘এ রকম পারফরম্যান্স আমি খুব একটা দেখিনি। এটা ছিল অসাধারণের চেয়েও বেশি কিছু। আমি মনে করি যারা এটা দেখেছে, তারা সবাই বলবে ওর খেলা ছিল অনেক দিন মনে রাখার মতো। সুয়ারেজ দেখিয়েছে সে বিশ্বের সেরা স্ট্রাইকারদের একজন। মেসি ও রোনালদোর সঙ্গে ওর নাম এখন রাখাই উচিত। তার বয়স এখনো ২৬, সেরা সময়টা তো সামনেই পড়ে আছে।’
এটুকু পড়ে হয়তো কেউ ভাবতে পারেন সুয়ারেজের অতিপ্রশংসা করে ফেলেছেন রজার্স। সেটা ভাবলে নরউইচ মিডফিল্ডার অ্যান্থনি পিলকিংটনের টুইটটা পড়ে নিতে পারেন, ‘এমন খেললে আপনার কী করার আছে বলুন? সে আজ অপ্রতিরোধ্য ছিল।’ এএফপি, ওয়েবসাইট।
এক নজরে ফল
আর্সেনাল ২ : ০ হাল
ফুলহাম ১ : ২ টটেনহাম
লিভারপুল ৫ : ১ নরউইচ
ইউনাইটেড ০ : ১ এভারটন
সান্ডারল্যান্ড ৩ : ৪ চেলসি
ওয়েস্ট ব্রম ২ : ৩ ম্যান সিটি
* আগে স্বাগতিক দল