অপ্রতিরোধ্য সেরেনা-জোকোভিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়েছেন। কোর্টের বিধ্বংসী রূপটাই যেন ফুটে উঠল নোভাক জোকোভিচের জয় উদ্যাপনে ষ রয়টার্স
প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়েছেন। কোর্টের বিধ্বংসী রূপটাই যেন ফুটে উঠল নোভাক জোকোভিচের জয় উদ্যাপনে ষ রয়টার্স

গত পরশুই ছিল কার্লা সুয়ারেজ নাভারোর ২৫তম জন্মদিন। তাতে কী! সেরেনা উইলিয়ামস ছুটছেন আরও বড় উপলক্ষের পেছনে। তাঁর সামনে উন্মুক্ত যুগে ইউএস ওপেনের সবচেয়ে বেশি বয়সে শিরোপা জয়ের রেকর্ড গড়ার হাতছানি। সেই দিকে আরেক ধাপ এগিয়ে যাওয়ার প্রত্যয়ে পরশু সেরেনা এতটাই ভয়ংকর ছিলেন যে আগে জানলে নাভারো হয়তো কোর্টে নামার চেয়ে ওয়াক-ওভারই দিয়ে দিতেন। সেটা করলে স্প্যানিশ মেয়েকে অন্তত জন্মদিনে ‘ডাবল লাভ’-এর লজ্জায় ডুবতে হতো না!
মাত্র ৫২ মিনিটেই নাভারোকে উড়িয়ে দিয়ে সেরেনা উঠেছেন সেমিফাইনালে। জয় ৬-০, ৬-০ গেমে। উন্মুক্ত যুগে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে ‘ডাবল লাভ’ জিতলেন সেরেনা। এর আগে একমাত্র কীর্তিটি গড়েছিলেন মার্টিনা নাভ্রাতিলোভা, ১৯৮৯ সালে।
সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ লি না। রাশিয়ার একাতেরিনা মাকারোভাকে ৬-৪, ৬-৭ (৫/৭), ৬-২ গেমে হারিয়ে চীনের প্রথম মেয়ে হিসেবে ইউএস ওপেনের সেমিফাইনালে উঠেছেন তিনি।
পরশু জয় পেয়েছেন নোভাক জোকোভিচ, অ্যান্ডি মারে, ভিক্টোরিয়া আজারেঙ্কারাও। তবে থেমে গেছে লেটন হিউইটের স্বপ্নযাত্রা। অস্ট্রেলিয়ার সাবেক ১ নম্বর অবশ্য দুবার জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন। চতুর্থ সেটে একপর্যায়ে এগিয়েছিলেন ৪-১-এ। ৫-২-এ এগিয়েছিলেন পঞ্চম সেটেও। কিন্তু শেষটা ভালো হয়নি। তাঁকে ৬-৩, ৩-৬, ৬-৭ (৩/৭), ৬-৪, ৭-৫ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে গেছেন মিখাইল ইয়ুঝনি।
মারে ৬-৭ (৫/৭), ৬-১, ৬-৪, ৬-৪ গেমে উজবেকিস্তানের ডেনিস এস্তোমিনকে হারিয়ে উঠেছেন কোয়ার্টার ফাইনালে। যেখানে তাঁর প্রতিপক্ষ স্তানিসলাস ভাভরিঙ্কা। সুইস খেলোয়াড় পঞ্চম বাছাই চেক টমাস বার্ডিচকে ৩-৬, ৬-১, ৭-৬ (৮/৬), ৬-২ গেমে হারিয়ে ঘটিয়েছেন অঘটন। মেয়েদের বিভাগে আনা ইভানোভিচকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন আজারেঙ্কা। এএফপি।