অপয়া সাত দিয়ে শুরু বাংলাদেশের

গ্যালারিজুড়ে বাহারি রং। পতপত করে উড়ছে নানা রঙের পতাকা। থোকায় থোকায় সাজানো রজনীগন্ধা, গোলাপের ডালি। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামকে মনে হচ্ছিল বিয়েবাড়ি। কিন্তু যাদের ঘিরে এই উৎসবের আমেজ, সেই জিমি-চয়নদের বাংলাদেশের মাঠের পারফরম্যান্সটা হলো বড্ড বেশি সাদামাটা। বিয়েবাড়ির উৎসবের আবহ মুহূর্তেই রূপ নিল কনে বিদায়ের শোকে! পাকিস্তানের কাছে যে ৭-০ গোলের পরাজয় দিয়ে শুরু হলো বাংলাদেশের এশিয়া কাপ।
৩২ বছর পরে ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজন নিয়ে বেশ আমোদ ছড়িয়েছিল হকি অঙ্গনে। ১৯৮৫ সালে ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ১-০ গোলে হারা বাংলাদেশ দলটিও সাহস জুগিয়েছিল উত্তরসূরি জিমিদের। কিন্তু কোনো টোটকাই কাজে আসেনি। পাকিস্তানি হকি খেলোয়াড়দের সামনে একেবারেই অসহায় ছিল জিমি বাহিনী।
অথচ প্রতিপক্ষের খেলোয়াড়েরা একেবারে অচেনাও ছিল না। গত ঢাকা লিগে খেলে গেছে এই পাকিস্তানের ছয়জন। পাকিস্তানের অধিনায়ক ইরফান মুহাম্মদই খেলেছেন আবাহনী লিমিটেডে। আব্বাস তাসওয়ার, উমর ভুট্টো, রশিদ মেহমুদ, রিজওয়ান জুনিয়র খেলেছেন মোহামেডানে। উষায় খেলেছেন আলি সান। ঢাকার টার্ফটা তাঁদের কাছে হাতের তালুর মতোই।
পাকিস্তানের হকি বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে, তা সবারই জানা। এশিয়া কাপের সর্বশেষ পাঁচ দেখায় জয় তো দূরের কথা, কখনো ড্রও করতে পারেনি বাংলাদেশ। তবুও আশা বেঁধেছিলেন হকি সমর্থকেরা। প্রথম কোয়ার্টার (১৫ মিনিট) গোলশূন্য থাকায় উপস্থিত প্রায় পাঁচ হাজার দর্শকের মধ্যে আশাটা জমেও উঠেছিল। কিন্তু এরপর থেকেই শুরু হয় গোলের মিছিল—যেখানে বড় নাম আবু মাহমুদ, শাকিল ভাট ও মোহাম্মদ কাদির। প্রথমজন গোল করেছেন তিনটি। শেষের দুজন দুটি করে। বাংলাদেশের অর্জন বলতে জিমির একটি ফ্লিক সাইড বোর্ডে লেগে ফিরে আসায় দর্শকদের হতাশার কোরাস—‘ইশ্’।
পাকিস্তানের হাই প্রেসিংয়ে প্রথম থেকেই কোণঠাসা বাংলাদেশ। তবে গোলমুখ খুলতে দিচ্ছিল না কিছুতেই। কিন্তু একের পর এক চাপ কতক্ষণ আর সামলানো যায়। ১৭ মিনিটে বুলেট গতির ড্র্যাগ ফ্লিকে গোলের শুরুটা করেছিলেন আবু মোহাম্মদ। ৩২ মিনিটে পেনাল্টি স্ট্রোকে ২-০ করেছেন শাকিল ভাট। এরপর থেকে শুধু গোল গুনতে হয়েছে বাংলাদেশকে।
৩৩ মিনিটে মোহাম্মদ কাদিরের কল্যাণে ৩-০। ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আবু মাহমুদের ৪-০। ৪৬ মিনিটে শাকিল ভাট একক স্কিলে কয়েকজনকে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলে ৫-০। ৪৯ মিনিটে আবু মাহমুদের ৬-০। ৫৯ মিনিটে মোহাম্মদ কাদিরের রিভার্সে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে ৭-০।
সাত সংখ্যাটা আর যাই হোক, আজকের দিনের জন্য পয়া ভাববে না বাংলাদেশ। সেটা যে গেল নিজেদের জালে! এর থেকে কীভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ, সেটাই দেখার। বিয়ের আসর ভেঙে গেলে জমিয়ে তোলা যে খুব কঠিন!