অফিস ফাঁকি দিয়ে খেলা দেখবেন যেভাবে!

এই মর্ত্যের সবচেয়ে বড় উত্সব চলছে পৃথিবীর অপর প্রান্তে। সেখানেই তো বেঁধেছে আসল গোল, সবগুলো খেলা পড়েছে রাতে। রাত জেগে খেলা দেখবেন, সেই উপায় কী! সাত সকালেই যে অফিসপানে ছুট। রাতের ঘুমকে ‘না’ বলে যদিও বা ফুটবলে মজে রাত কাটাবেন, তাতেও আরেক বিপত্তি। পরদিন অফিসের ডেস্কে ঢুলে পড়া আর সেকারণে বসের রোষে পড়ে চাকরি নিয়েই টানাটানি। সাধারণ চাকুরেদের রাত জেগে ফুটবলে মেতে থাকার কি কোনো উপায়ই নেই?
আছে! সবচেয়ে আদি ও অব্যর্থ উপায়। অসুস্থতার ভান করে আজই ছুটির আবেদন জমা দিয়ে দিন। ভাবছেন অসুস্থ না হয়েও অসুস্থতার সার্টিফিকেট কোথায় পাব? তাহলে এই খবরটি আপনারই জন্য।
বুদ্ধিটা বের করেছে চীনারা। চীনের সঙ্গে ব্রাজিলের সময়ের ব্যবধান মোটামুটি ১২ ঘণ্টার। বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রতিদিনের ম্যাচ হচ্ছে ব্রাজিলের স্থানীয় সময় দুপুর একটায়। বাংলাদেশে তখন রাত দশটা হলেও চীনে রাত একটা! তাহলে ভেবে দেখুন দিনের দ্বিতীয় আর তৃতীয় ম্যাচ দেখতে কত কষ্টই না করতে হচ্ছে তাঁদের!
যত সমস্যা তত সমাধান নীতিতে বিশ্বাসী চীনারা আশ্রয় নিয়েছে সেই সনাতন উপায়ের। আর তাই চীনে দেদার বিক্রি হচ্ছে ভুয়া ডাক্তারি সুপারিশপত্র। ডাক্তারদের স্বাক্ষর আর অফিসিয়াল স্ট্যামপ সম্বলিত হাসপাতালের সার্টিফিকেটগুলোর নকল কপি কিছু কোমপানির পণ্যতালিকাতেও স্থান পেয়েছে।
এসব ভুয়া নথিপত্র চীনে অনেকদিন ধরেই অবাধে পাওয়া যায়। এ ধরনের ভুয়া সার্টিফিকেট বিক্রি নাকি নিষিদ্ধও নয় সেখানে। বিশ্বকাপের জন্য এখন পণ্য হিসেবে ভুয়া ডাক্তারি সুপারিশপত্র বিক্রির প্রচারণায় নেমেছে বিভিন্ন প্রতিষ্ঠান। টুইটার ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও এসব বিক্রির বিজ্ঞাপন চলছে ঢাক ঢোল পিটিয়ে।
এ ধরনের অসত্ বাণিজ্যে আবার সততার পরাকাষ্ঠাও দেখাচ্ছেন কেউ কেউ। একজন বিক্রেতা নিজের সাইটে লিখেছেন, ‘আমি সত্ভাবে ব্যবসা করি। ক্রেতার পরিচয় গোপন রাখা আমার দায়িত্ব।’
মূলত চীনের ছাত্র আর চাকুরেদের মধ্যে এই ভুয়া সুপারিশপত্র ব্যাপক জনপ্রিয়। প্রতিষ্ঠানগুলোও কিন্তু মোটেও চুপচাপ বসে নেই। ভুয়া ডাক্তারি সুপারিশপত্র ধরা পড়লে সঙ্গে সঙ্গে প্রতারণার মামলা করে দেওয়ার নিয়ম করেছে বেশ কিছু প্রতিষ্ঠান। তবে সবচেয়ে কার্যকর ব্যবস্থা নিয়েছে অন্য কিছু প্রতিষ্ঠান। অফিসের সময় সূচিই পিছিয়ে দেওয়া হয়েছে।