অফিস সহকারীর হাতে লাঞ্ছিত দাবাড়ু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেডারেশনের অফিস সহকারী কৌশিক রিগানের হাতে প্রহূত হলেন খুলনার ছয়বারের জেলা চ্যাম্পিয়ন দাবাড়ু জয়নুল আবেদীন (সাগর)। চলমান দ্বিতীয় বিভাগ দাবায় খালেদা মেমোরিয়াল চেস ক্লাবের প্রতিনিধিত্ব করছেন জয়নুল।ঘটনাটা পরশু রাতের। কৌশিককে ফেডারেশনের প্যাডে নিজের ক্লাবটির নামের পাশে খুলনা শব্দটি লিখতে অনুরোধ করে আসছিলেন ম্যানেজার জয়নুল। কিন্তু দুই দিন পেরিয়ে গেলেও খুলনা শব্দটি না দেখে পরশু আবারও তাঁকে অনুরোধ করেন। এখনো নাম লিখতে কেন দেরি হচ্ছে এটা জানতে গেলে এই নিয়ে দুজন তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে কৌশিক হাতের পাশে রাখা পেপারওয়েট ছুড়ে মারেন জয়নুলের কপালে। কপাল কেটে যায় জয়নুলের। প্রতিবাদে তাৎক্ষণিকভাবে খেলোয়াড়েরা খেলা বয়কটের সিদ্ধান্ত নেন। ঘটনার প্রত্যক্ষদর্শী ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক বললেন, ‘আমি ওদের পাশেই বসে ছিলাম। দেখছিলাম ওই দুজন কী নিয়ে যেন কথা বলছে। হঠাৎ করে কী ঘটে গেল বুঝলাম না। দেখি দুজনই হাতাহাতি করছে।’ ফেডারেশন সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইন জানান, ওই অফিস সহকারীকে বরখাস্ত করা হয়েছে। কালই সে ফেডারেশন ছেড়ে চলে গেছে।