অবনমন ছাড়াই প্রথম বিভাগ হকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মৌসুম পর গ্রিন ডেল্টা প্রথম বিভাগ হকি লিগ আজ মাঠে ফিরছে। তৃণমূলের হকির জন্য এটা সুসংবাদই। তবে এই লিগের খারাপ দিক, এবার কোনো অবনমন থাকছে না। ক্লাবগুলোর অনুরোধ ও আরও কিছু কারণে নাকি এ সিদ্ধান্ত। তার ওপর ১১ দলের লিগটা হবে একক লিগ পদ্ধতিতে।
তবে এবার প্রথম বিভাগে বিদেশি খেলোয়াড় কোটা রাখা হয়নি, যা স্থানীয় খেলোয়াড়দের জন্য সুযোগ তৈরি করবে। কাল ফেডারেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন আশাবাদ ব্যক্ত করলেন কর্মকর্তারা।
আশার বিপরীতে অবশ্য নিরাশাও আছে। হকির অনিশ্চিত ভবিষ্যৎ দেখে আজকের তরুণেরা এই খেলায় সেভাবে আসছেন না। কাল হকি স্টেডিয়ামে দাঁড়িয়ে কয়েকজন ক্লাব কর্মকর্তা বলছিলেন, ঢাকায় আগে যে পরিমাণ তরুণ হকি খেলোয়াড় উঠে আসত এখন সেটা না আসায় এবার ঢাকার বাইরে থেকে আনকোরা খেলোয়াড় আনতে হয়েছে প্রথম বিভাগের জন্য।
লিগের ১১ দল: ব্যাচেলর্স, পুলিশ, শিশু-কিশোর, বর্ণক সমাজ, মুক্ত বিহঙ্গ, ফরাশগঞ্জ, শান্তিনগর, কম্বাইন্ড, উত্তরা হকি ক্লাব, ভিক্টোরিয়া, পিডব্লুডি। মওলানা ভাসানী স্টেডিয়ামে আজ বেলা সোয়া একটায় ব্যাচেলর্স-পিডব্লুডি উদ্বোধনী ম্যাচ।