ইরান শেখকে মনে পড়ে? গত মৌসুমে পাতানো ম্যাচ কেলেঙ্কারির ‘নায়ক’ ছিলেন রহমতগঞ্জের গোলরক্ষক। দুই বছরের জন্য ঘরোয়া ফুটবলে নিষিদ্ধ এই ফুটবলার না থেকেও কাল রইলেন আরামবাগের বিপক্ষে ম্যাচে। কমলাপুর স্টেডিয়ামের রহমতগঞ্জ সমর্থকদের মুখে শুধু তাঁরই নাম। ইরান শেখের অভিশাপেই রহমতগঞ্জের এই দশা—এমনটাই ছিল সমর্থকদের মিছিলের মূল কথা। গুডউইন ও কিংসলের দুই গোলে আরামবাগের কাছে ২-০ ব্যবধানে রহমতগঞ্জের হারের পর কর্মকর্তাদের অভিশাপ দিতে দিতেই ঘরে ফিরলেন সবাই। এমনিতেই অবনমনের রাস্তায় সবার আগে রহমতগঞ্জ। কালকের হারে শঙ্কাটা আরও জোরালো হলো। ১৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তলানিতেই পড়ে রইল তারা। ১৬ পয়েন্ট নিয়ে নয়ে উঠল আরামবাগ। লিগে রহমতগঞ্জের বাকি রয়েছে তিন ম্যাচের প্রতিপক্ষ—মোহামেডান, বিজেএমসি আর ব্রাদার্স। এই তিন ম্যাচে জিততে পারলে একটা সুযোগ থাকে। কিন্তু ওটা কাগজ-কলমের হিসেব। রহমতগঞ্জের অবনমন একপ্রকার নিশ্চিতই বলা যায়। ম্যাচ শেষে কোচ মাহমুদুর রহমানকে খুঁজেই পাওয়া গেল না। অসুস্থ বলেই নাকি ডাগ আউটে বসেননি। জানা গেছে, অসুস্থতা নয়, দলের ছন্নছাড়া অবস্থার কারণেই গত কয়েক ম্যাচ ক্লাবের সঙ্গে তিনি যোগাযোগহীন। দলের অন্য কর্মকর্তারাও ম্যাচ শেষে মুখ খুলতে চাইলেন না। অধিনায়ক ইদ্রিস কাসারিও কথা বলেননি। তবে গোলরক্ষক সুজন বললেন, ‘মৌসুমটা আমাদের বাজে গেল। আমরা চেষ্টা করেছি অবনমন এড়ানোর। কিন্তু পারলাম না মনে হয়।’