প্রচণ্ড গরমে নির্ঘুম রাত কাটে খেলোয়াড়দের। কমলাপুর স্টেডিয়ামের চারতলায় গাদাগাদি করে থাকেন চট্টগ্রাম আবাহনীর ফুটবলাররা। ব্যস্ত মহাসড়কের যানবাহনের উচ্চ শব্দেও ঘুমানো দায় হয়ে পড়ে তাঁদের। তাই দিনের বেলা অনুশীলনও হয় দায়সারা। এই পরিবেশই জানান দিচ্ছে, দেশের সর্বোচ্চ লিগের একটি দলের পেশাদারির চিত্রটা কেমন। মাঠের বাইরের পাশাপাশি মাঠেও ধুঁকতে হচ্ছে চট্টগ্রাম আবাহনীকে। লিগের অনেকটা পথ বাকি থাকলেও এখনই পেয়ে বসেছে অবনমনের শঙ্কা!
টানা দুই ড্রয়ের পর কাল ব্রাদার্সের কাছে ২-১ গোলে হেরেছে চট্টগ্রাম আবাহনী। অথচ ১২ মিনিটে ইসমাইলের গোলে প্রথমে এগিয়ে ছিল তারাই। ১৪ মিনিটেই সফল ব্রাদার্স, সিমনের শট বক্সের ভেতরে দাঁড়ানো চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার নজরুলের পায়ে লেগে বল জালে (১-১)। তিন পয়েন্ট না হোক, অন্তত একটি পয়েন্ট নিয়ে ফিরতেই পারত চট্টগ্রাম আবাহনী। ৮৭ মিনিটে অগাস্টিনের শটে সেই স্বপ্নও শেষ চট্টগ্রাম আবাহনীর।
ম্যাচ শেষে কোচ নজরুল ইসলাম বারবার আফসোস করছিলেন, ‘এভাবে পয়েন্ট হারাব ভাবিনি। আমাদের ছেলেদের মধ্যে মনঃসংযোগের প্রচণ্ড অভাব। পেশাদার খেলোয়াড়দের যেমন পরিপক্বতা থাকা উচিত সেটা নেই ওদের। এভাবে চললে তো অবনমন এড়ানো কঠিনই হবে।’
১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চারে উঠে এল ব্রাদার্স। সমান ম্যাচে ৭ পয়েন্ট পাওয়া চট্টগ্রাম আবাহনী আছে নয়ে।