অবনমিত বারিধারার দুঃখগাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শেষে মাঠে কোচ-কর্মকর্তা কাউকেই খুঁজে পাওয়া গেল না। প্রধান কোচ দেলোয়ার হোসেন ভারতে। পারলে পালিয়ে বাঁচেন সহকারী মাহবুব মানিক। আগের ম্যাচেই লিগ চ্যাম্পিয়ন হওয়া শেখ জামাল ধানমন্ডির কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর কীভাবে মুখ দেখাবেন?
উত্তর বারিধারার স্বপ্নযাত্রার শেষ হওয়ার বিকেলে কর্মকর্তারা হতাশায় বাড়ির পথ ধরলেন দ্রুত। প্রথমবারের মতো পেশাদার লিগের সর্বোচ্চ পর্যায়ে খেলতে আসা দলটি অবনমিত হয়ে গেল কাল। এক মৌসুম প্রিমিয়ারে কাটিয়ে আগামী বছর খেলতে হবে আবারও চ্যাম্পিয়নশিপ লিগে।
নবাগত বারিধারাকে ঘিরে অনেক স্বপ্ন ছিল দলটির খেলোয়াড়দের। অনেকে স্বপ্ন দেখেছিলেন লিগে ভালো খেলে বড় দলে জায়গা করে নেবেন। কিন্তু সেটা আর হলো কই! কর্মকর্তাদের উদাসীনতায় রাগে-ক্ষোভে অনেকে খেলাই ছেড়ে দিতে চাইছেন এখন!
কর্মকর্তাদের মধ্যে পেশাদারি আচরণ ছিল না বলে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক খেলোয়াড়। স্টপার সাইফুলের অভিযোগ, ‘আমরা নামমাত্র পারিশ্রমিক পেয়েছি। অনেকে কিছুই পায়নি।’ টাকা না পেয়ে কোনো কোনো বিদেশি স্টেডিয়ামে এলেও মাঠে নামতেন না। খেলোয়াড়দের নিম্নমানের খাবার দেওয়া হতো, এই অভিযোগ মিডফিল্ডার নজরুলের। তাঁর কথা, ‘শেখ জামালের সঙ্গে খেলার আগে আমাদের জন্য বরাদ্দ ছিল ছোট ছোট চিংড়ি মাছ, ডাল আর সবজি। এসব খেয়ে ফুটবল খেলা যায়? হালুয়া-রুটি খেয়ে অনেক সময় অনুশীলনে নামতে হয়েছে। এমনও দিন কেটেছে, সকালে নাশতা করে খেলতে এসেছি, রাত ১০টায় ক্লাবে গিয়ে খেয়েছি।’ বলতে থাকেন নজরুল, ‘আট মাস ধরে খাওয়ার পানি কিনে খেয়েছি।’
এত সমস্যার প্রভাব পড়ছে মাঠেও।প্রিমিয়ার লিগে ২৬ ম্যাচে মাত্র দুটি জয় বারিধারার। ১২ পয়েন্ট নিয়ে সবার নিচে। অন্যদিকে দুই ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হওয়া শেখ জামালের পয়েন্ট হলো ৬১। দুদলেরই আর একটি করে ম্যাচ বাকি।
চাপমুক্ত ম্যাচে স্থানীয় স্ট্রাইকার সাখাওয়াত রনি ও তকলিচকে একাদশে রেখে দল গড়েন কোচ মারুফুল হক। দুজনই গোল পেয়েছেন।হ্যাটট্রিক করেছেন রনি। তকলিচের একটি গোল।বাকি ২ গোল ওয়েডসনের। ২৪ গোল নিয়ে এখন পর্যন্ত লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরেই হাইতিয়ান স্ট্রাইকার।