অবরুদ্ধ দিনেও বিজয়ের রেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিয়াস সানির হয়েছে বিপদ। কোথায় সবাই সিরিজ জয় নিয়ে কথা বলবে তা নয়, দেখা হলেই জিজ্ঞেস করছে, ‘আচ্ছা আপনি রানটা পুরো করলেন না কেন?’ আগের রাতে এ নিয়ে সতীর্থরা কম কথা বলেননি। এখন যদি সংবাদমাধ্যম আর সাধারণ মানুষের কাছ থেকেও একই প্রশ্ন শুনতে হয় কেমন লাগে?সানি অবশ্য এটাকে বললেন ‘মধুর বিড়ম্বনা’। ওই রানটা পুরো না করাতে দল তো আর হেরে যায়নি, হয়তো জয় পেতে একটা বল বেশিই খেলতে হয়েছে। এক ফটোগ্রাফার ছবি তোলার জন্য সানির পাশে দাঁড়াতে বললে নাসির যে ‘ওনার সঙ্গে কি ছবি তুলব? রান কমপ্লিট না করে...’ বলে কপট রাগ ঝাড়লেন, সেটাও তাই হেসে উড়িয়ে দিতে পারলেন সানি। আসলে জয়টা এমনই এক রঙিন মোড়ক যে, তাতে ঢাকা পড়ে যায় সব ভুল-ত্রুটি।ওয়ানডে সিরিজের দাপুটে জয় বাংলাদেশের ক্রিকেটারদের কাছে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় সাফল্য। কিন্তু এমন সাফল্যের পরের দিনে তাঁরা যে রকম খোলসের ভেতর ঢুকে থাকতে বাধ্য হলেন, সেটা আর কোনো জয়ের পরই হয়নি। বিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচির কারণে দুই দলই কাল অনুশীলন বাদ দিয়ে হোটেলে দিন কাটাল। লবিতে বাংলাদেশ দলের যাঁরা নেমেছেন, হোটেলে আগত অতিথিরা তাঁদের দেখে কাছে এসে অভিনন্দন জানিয়েছেন। অনেকে ছবি তুললেন মাহমুদউল্লাহ-সানিদের পাশে দাঁড়িয়ে। অটোগ্রাফ নিলেন।আগের রাতে মাঠ থেকে ফিরে হোটেল কর্তৃপক্ষের উপহার দেওয়া কেক কেটে বিজয় উদ্যাপন করেছে বাংলাদেশ দল। হইচইও হয়েছে অনেক। এরপর যে যার কক্ষে। সবকিছু সেরে ঘুমোতে ঘুমোতে অনেক রাত হওয়ায় বেশির ভাগ খেলোয়াড়ই একটু বেলা করে উঠলেন। এটাও বোধ হয় নতুন অভিজ্ঞতাই। পরদিন সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ, অথচ আগের দিন কিনা অনুশীলনই নেই! ছুটির আমেজে দিন কাটালেন সবাই।দিনটা ক্রিকেটারদের জন্য ছুটির হলেও সাংবাদিকদের জন্য সে রকম ছিল না। হোটেল লবিতে সকাল সকালই ভিড় করলেন গণমাধ্যমের কর্মীরা। অধিনায়ক মুশফিকুর রহিম সেটা দেখে খুবই অবাক, ‘আপনারা সবাই এখানে? আজ (গতকাল) না অবরোধ!’ এরপর অবশ্য নিজেও কোথায় যেন বেরিয়ে গেলেন।মুশফিকের আগে দেখা মিলেছিল এনামুল হকের। বাংলাদেশ দলের নতুনদের মধ্যে সবচেয়ে প্রাণচঞ্চল বোধ হয় এই তরুণই। দুই দফা আলাদা করে কথা বললেন সাংবাদিকদের সঙ্গে। সিরিজ জয় নিয়ে খুবই রোমাঞ্চিত মনে হলো তাঁকে। হওয়াটা স্বাভাবিকও। ক্যারিয়ারের প্রথম খেলা সিরিজেই যে দেখা হয়ে গেল সব রকম উত্থান-পতন! ‘আমি এই সিরিজে সবই দেখে ফেলেছি। জয়-পরাজয়, ব্যক্তিগত সাফল্য-ব্যর্থতাও। একজন ক্রিকেটার পুরো ক্যারিয়ারে যা দেখে, আমি এই এক সিরিজেই সব অভিজ্ঞতা অর্জন করেছি। এটা আমার জন্য প্লাস পয়েন্ট হয়ে থাকবে’—বলছিলেন এনামুল। জাতীয় দলে আসার পর তামিম ইকবালের ব্যাটিংয়ে আরেকবার মুগ্ধ তিনি। পরশুর ম্যাচে আকৃষ্ট হলেন মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহর ব্যাটিংয়েও, ‘সিনিয়র ক্রিকেটাররা যেভাবে খেলেন, এই সিরিজে মুশফিক ভাই আর রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাই ঠিক সেভাবে খেলছেন। রিয়াদ ভাই তো আমার দৃষ্টিতে তাঁর সেরা পারফরম্যান্সটাই করলেন এবার।’মাহমুদউল্লাহও মানেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নিজেকে আবিষ্কার করেছেন নতুন করে। তবে ওয়ানডে সিরিজ জিতলেও সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটা হবে আজ। দলের আর সবার মতো শেষ দৃশ্যে হাসতে চান সহ-অধিনায়কও। অবরুদ্ধ দিনে হয়তো অনুশীলন হয়নি, ওয়েস্ট ইন্ডিজকে আরেকটি পরাজয়ের স্বাদ দিয়ে বিদায় জানানোর এই মানসিক প্রস্তুতি নেওয়া আছে সবারই।