অবশেষে অ্যাটলেটিকো...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন রোনালদো। ষ এএফপি, রয়টার্স
লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন রোনালদো। ষ এএফপি, রয়টার্স

রিয়াল মাদ্রিদ এখন আফসোস করতেই পারে, কাপের ফাইনালটা নিজেদের মাঠে না খেললেই বোধ হয় ভালো হতো!

কোপা ডেল রের ফাইনালটা নিজেদের মাঠে খেলতে গেলেই অপয়া এক ভূত যেন ভর করে রিয়ালকে। এ মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে এর আগের ফাইনালটিতেও তারা হেরেছিল। হেরেছিল দেপোর্তিভোর কাছেও। সেই অপয়া অভিশাপটাই পরশু ভর করেছিল আবার। না হলে রিয়ালের তিন-তিনটি শট কেন ফিরে আসবে পোস্টে লেগে!

যাঁরা ম্যাচ দেখেননি, ফাইনালের ফলটাও নিশ্চয়ই অনুমান করে নিতে পারছেন। যে অ্যাটলেটিকোর কাছে গত ১৪ বছরে ২৫টি ম্যাচে রিয়াল হারেনি, সেই তারাই পরশু হেরে গেল ২-১ গোলে। রিয়ালে হোসে মরিনহোর ‘শেষ’টা হলো তিক্ত এক অভিজ্ঞতার মধ্যে। রেফারির ওপর বাড়াবাড়ি রকমের ক্ষোভ দেখানোয় ডাগ-আউট থেকে বহিষ্কৃত হলেন মরিনহো। মাঠে একাধিকবার ধৈর্য হারানো ক্রিস্টিয়ানো রোনালদোও দেখেছেন লাল কার্ড। এই রোনালদোরই একটি মাটিঘেঁষা ফ্রি-কিক বাঁ পোস্টে লেগে ফিরে এসেছে। পোস্টের বাধায় গোল পাননি মেসুত ওজিল ও করিম বেনজেমাও। অবশ্য ১৩ মিনিটেই রোনালদোর দুর্দান্ত হেডে এগিয়ে গিয়েছিল রিয়াল। বিরতির ১০ মিনিট আগে রাদামেল ফ্যালকাওয়ের নিখুঁত থ্রু বল থেকে সেই গোল শোধ করেছেন ডিয়েগো কস্তা। নির্ধারিত ৯০ মিনিট ১-১ থাকার পর অতিরিক্ত সময়ের অষ্টম মিনিটে মিরান্ডার গোলটাই শেষ পর্যন্ত রিয়ালের বিপক্ষে না-পারার বৃত্তটা ভেঙে দেয় অ্যাটলেটিকোর জন্য।

অ্যাটলেটিকোর জয়ের নায়ক অবশ্য শুধু মিরান্ডা বা গোলপোস্ট নয়। ২১ বছর বয়সী তরুণ গোলরক্ষক করতোয়াও এদিন চীনের প্রাচীর তৈরি করে রেখেছিলেন গোলমুখে। হিগুয়েইন ও ওজিলকে নিশ্চিত দুটি গোল করতে দেননি অবিশ্বাস্য ক্ষিপ্রতায়। চেলসি থেকে ধারে খেলতে এসে যেভাবে এই মৌসুমে খেললেন, মরিনহো না আবার তাঁকে চেলসিতে দ্রুতই তলব করেন! ম্যাচ শেষে মরিনহো দুষেছেন ভাগ্যকেই, ‘আমরা আরও দুটি গোলের পরিষ্কার সুযোগ পেয়েছিলাম। পোস্টে লেগেছে তিন-তিনবার। এ কারণেই আমি মনে করি আমাদের না-জেতাটাই অন্যায় হয়েছে।’

তবে ম্যাচের একদম শেষ মুহূর্তে লাল কার্ড দেখা গ্যাবি বলছেন, এই জয় তাঁদেরই প্রাপ্য, ‘আমাদের দল কঠোর পরিশ্রম করেছে সমর্থকদের সঙ্গে নিয়ে এই পর্যায় পর্যন্ত আসার জন্য। এটা আমাদের প্রাপ্য। এই জয় তাঁদের জন্য, যাঁরা ১৪ বছর ধরে অপেক্ষা করেছেন অ্যাটলেটিকো হারাবে মাদ্রিদকে।’

বার্সেলোনা ছিল না বটে, তবে উত্তেজনার কমতি ছিল না। ধৈর্যের চরম পরীক্ষা দেখিয়ে কার্ডগুলো পকেটবন্দী করেই রাখছিলেন রেফারি। কিন্তু শেষ পর্যন্ত আর পারেননি। রোনালদোর লাল কার্ড দুই দলের ডাগ-আউটেও উত্তেজনা ছড়িয়ে দেয়। ম্যাচ কর্মকর্তারা প্রাণান্ত চেষ্টা করে হাতাহাতির মতো অঘটন থেকে ফাইনালকে রেহাই দেন। শেষ পর্যন্ত ১৩টি হলুদ আর দুটি লাল কার্ডে শেষ হয় ম্যাচ।

কিংস কাপ শেষ পর্যন্ত জিতল প্রজারাই। এই ট্রফির গুরুত্ব কোনোভাবেই লা লিগা বা ইউরোপিয়ান শিরোপার মতো নয়। কিন্তু অ্যাটলেটিকোর বাঁধভাঙা উচ্ছ্বাসে তেমনটা মনেই হয়নি। ১৯৯৬ সালে সর্বশেষ এই কাপ জিতেছিল অ্যাটলেটিকো। সেবার খেলোয়াড় হিসেবে কোপা ডেল রে জেতা ডিয়েগো সিমিওনি এবার জেতালেন কোচ হিসেবে। দুই বছর আগে এখানে কোচ হয়ে আসার পর ইউরোপা লিগ, উয়েফা সুপার কাপের পর স্প্যানিশ কাপ জেতালেন। দলকে নিয়ে গেলেন চ্যাম্পিয়নস লিগেও। সিমিওনির মূর্তিটুর্তিই না বানিয়ে বসে অ্যাটলেটিকো! এএফপি, রয়টার্স।