অবশেষে আজ থেকে পিসিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 আমাদের দলে ১০ জন ব্যাটসম্যান, ১০ জন বোলার—মোহাম্মদ আশরাফুল।—১১ নম্বর ব্যাটসম্যান কে? তালহা জুবায়ের। তবে এখনো এসে পৌঁছায়নি সে—মোহাম্মদ আশরাফুল।শুধু আশরাফুলের মোহামেডান নয়, পাইরেটস অব চিটাগাংয়ের তিনজন, চিটাগাং টাইগারসের তিনজনসহ সাতটি দলেরই দু-একজন করে ক্রিকেটার এখনো শারজায় পৌঁছাননি। তবে পিসিএল আয়োজকদের দাবি, ভিসা-জটিলতা না কাটলেও এটিএন বাংলার সঙ্গে তাদের সমস্যা মিটে গেছে।এসব জটিলতা আর শঙ্কার মধ্যেই আজ শারজায় পর্দা উঠতে যাচ্ছে পিসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের। দুই দিন দেরিতে শুরু হওয়ায় নির্ধারিত ২ এপ্রিলের পরিবর্তে টুর্নামেন্ট শেষ হবে ৩ এপ্রিল। আয়োজকেরা কাল সংবাদ সম্মেলনেই এটি জানিয়েছেন।সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট দুই দিন পেছানোসহ পিসিএল নিয়ে নানা অভিযোগ আর প্রশ্নের জবাব দিয়েছেন আয়োজকেরা। আয়োজক কমিটির চেয়ারম্যান আ জ ম নাসিরউদ্দিন বলেছেন, ‘অভিজ্ঞতা না থাকায় পরিকল্পিতভাবে আমরা কিছু করতে পারিনি। গত সাত দিন ভিসা-সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আমরা প্রায় উন্মাদের মতো ছিলাম।’ ক্রিকেটার, সাংবাদিক ও সাংসদদের ভিসা সমস্যা এবং বিমানবন্দরে হয়রানিরও ব্যাখ্যা দিয়েছেন তিনি, ‘এ দেশের আইন অনুযায়ী তারা পদক্ষেপ নিয়েছে। এটাকে আমি হয়রানি বলব না। বাংলাদেশ দূতাবাসও আমাদের যথাসাধ্য সাহায্য করেছে। কিন্তু কিছু সীমাবদ্ধতা তো থাকেই।’ কাল পর্যন্ত যারা শারজা পৌঁছাতে পারেননি তাঁরাও আজকালের মধ্যেই পৌঁছাবেন বলে আশা তাঁর।পিসিএলের সম্প্রচার স্বত্ব পাওয়া এটিএন বাংলার যেসব কলাকুশলীর ভিসা হয়েছে তাঁদের আরব আমিরাত সময় কাল মধ্যরাতেই শারজা এসে পৌঁছানোর কথা। তবে সময়স্বল্পতার কারণে সরাসরি সম্প্রচারের জন্য বিকল্প উদ্যোগও নেওয়া ছিল বলে জানালেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর, ‘আমরা শারজার স্থানীয় একটি টেকনিক্যাল দলকে দায়িত্ব দিয়েছি কিছু কাজ এগিয়ে রাখার। আশা করি, সম্প্রচার করা যাবে।’ তবে আজ মোহামেডান-টপ স্পোটর্সের প্রথম ম্যাচটি সম্প্রচারিত হচ্ছে না। প্রথম ম্যাচের পর এটিএন বাংলা উদ্বোধনী অনুষ্ঠান ও দ্বিতীয় ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বলে জানিয়েছেন আয়োজকেরা।টুর্নামেন্ট পেছানো, ভিসা বা সম্প্রচার জটিলতা ছাড়া টুর্নামেন্টের মাধ্যমে আয়োজকদের বিরুদ্ধে আদম পাচারের অভিযোগও উঠেছে। এসব প্রশ্নে এক কথায় আ জ ম নাসিরের উত্তর, ‘পাচারের বিষয়টি কেবল সমালোচনার জন্য সমালোচনা।’ শারজায়ই পিসিএলের শেষ আসর, এমন আশঙ্কাও জোর গলায় উড়িয়ে দিলেন আয়োজকেরা।পিসিএল শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে বলে সবচেয়ে স্বস্তিতে ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাঁরা এটিকে ভালো একটা প্র্যাকটিস টুর্নামেন্ট হিসেবেই দেখছেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল যেমন বললেন, ‘পিসিএলে ভালো খেলে বিশ্বকাপ টি-টোয়েন্টি দলে ঢোকার চেষ্টা করব। শুধু আমার জন্য নয়, সবার জন্যই এই টুর্নামেন্ট এবং সামনে বিসিবির এনসিএল টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির কাজ দেবে।’আশরাফুলের চট্টগ্রাম মোহামেডান দলে আছেন পাকিস্তানের শোয়েব মালিক ও অস্ট্রেলিয়ার এইডেন ব্লিজার্ড। এ ছাড়া ইয়াসির হামিদ পাইরেটস অব চিটাগাংয়ে, ব্রাদার্সে আজহার মেহমুদ ও ইমরান নাজির, চিটাগাং টাইগারসে খুররম মঞ্জুর, ঢাকা স্পোর্টসে ফয়সাল ইকবাল ও ইমরান ফারহাত খেলছেন। পাইরেটস অব চিটাগাংয়ের অধিনায়ক মুশফিকুর রহিম অবশ্য দলগুলোর শক্তির ব্যবধানকে অতটা গুরুত্ব দিতে রাজি নন, ‘টি-টোয়েন্টিতে দু-একজনের পারফরম্যান্সেই যেকোনো দল উতরে যেতে পারে।’ চট্টগ্রাম ব্রাদার্সের অধিনায়ক নাফিস ইকবাল তো মাত্র কালই পুরো দলকে একসঙ্গে পেলেন। তার পরও টুর্নামেন্টে ভালো করার আশা তাঁর।