অবশেষে আজহারের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথারীতি দারুণ আস্থায় ব্যাট করছিলেন। নব্বই ছুঁতেই অন্য রকম। বেশ কয়েকবার অল্পের জন্য ব্যাটের কানা নিল না বল, উল্টাপাল্টা কিছু শট খেললেন, অসম্ভব সিঙ্গেল নিতে গিয়ে বিপদে পড়লেন কয়েকবার। ‘নড়বড়ে নব্বই’ ভালোই পেয়ে বসেছিল আজহার আলীকে!সেটা অবশ্য অনেক বড় ব্যাটসম্যানকে অনেক বছর খেলার পরও পেয়ে বসে। আজহার তো এগিয়ে যাচ্ছিলেন প্রথম সেঞ্চুরির দিকে। সেই সেঞ্চুরিও আবার কতই না কাঙ্ক্ষিত! আগের ১৪ টেস্টে পঞ্চাশ পেরিয়েছেন ১০ বার। ৯২ রানে অপরাজিত ছিলেন, আরেকবার আউট ৯০ করে। থিতু হয়ে গেলে বড় ইনিংস খেলার সুনাম ছিল ঘরোয়া ক্রিকেটে। আন্তর্জাতিক ক্রিকেটে এসে সেখানে ‘মিস্টার ফিফটি’ তকমাটা লেগে যাচ্ছিল বলে। অবশেষে অধরা সেই তিন অঙ্কের স্বাদ পেলেন কাল।দুবাই টেস্টের নিস্তরঙ্গ দ্বিতীয় দিনের একমাত্র আলোচিত ঘটনা আজহারের বহুকাঙ্ক্ষিত সেঞ্চুরিই। বিনা উইকেটে ৪২ রান নিয়ে দিন শুরু করেছিল পাকিস্তান, দিন শেষে এগিয়ে ওই ৪২ রানেই। হাতে ৬ উইকেট। আগের দিন ২৩৯ করে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা, কাল সারা দিনে ৪ উইকেট হারিয়ে পাকিস্তান তুলেছে ২৩৯।পাকিস্তানের দুই ওপেনারের শুরুটা ছিল কাল সাবধানী, প্রথম চার এসেছে দিনের নবম ওভারে। লাকমলের পরপর দুই বলে ক্যাচ দিয়ে বেঁচে গিয়েও বড় ইনিংস খেলতে পারেননি দুজনের কেউই। দলে ফেরা ধাম্মিকা প্রাসাদের শিকার দুজনই। এরপর তৃতীয় উইকেটে ইউনুসের সঙ্গে আজহারের ১১৭ রানের জুটি। দিলশানের বড় টার্ন নেওয়া বলে কাট করতে গিয়ে শেষ ইউনুসের সম্ভাবনাময় ইনিংস। আজহারের সেঞ্চুরির আকাঙ্ক্ষা কতটা তীব্র ছিল, সেটি বুঝিয়ে দিচ্ছে সেঞ্চুরি ছোঁয়ার ধরনটাও। ৯৮ রানের সময় রঙ্গনা হেরাথের বলে প্যাডল সুইপ করতে গিয়ে ঠিকমতো খেলতে পারেননি, বল উইকেটকিপারের প্যাডে লেগে থার্ডম্যানে চলে যায়। দ্বিতীয় রান নেওয়ার পথেই উদ্যাপন শুরু করেন। বল আদৌ ব্যাটে লেগেছে কি না, সেই সংশয় অবশ্য ছিলই। শেষ পর্যন্ত ব্যাটসম্যানের রানই দিয়েছেন আম্পায়ার, কিন্তু টিভি রিপ্লে দেখেও পরিষ্কার কিছু বোঝা যাচ্ছিল না। সেঞ্চুরির পর আর এক রানও করতে পারেননি আজহার, এলবিডব্লু হয়েছেন আম্পায়ারের ভুল সিদ্ধান্তে। ম্যাচের নিয়ন্ত্রণ তবু পাকিস্তানের হাতেই। তথ্যসূত্র: টেন স্পোর্টস।