অবশেষে আনচেলত্তিকে পেল রিয়াল
কার্লো আনচেলত্তিই হচ্ছেন রিয়াল মাদ্রিদে হোসে মরিনহোর উত্তরসূরি—এটা একরকম নিশ্চিতই ছিল। ফেঁকড়া বেধেছিল আনচেলত্তির ক্লাব প্যারিস সেন্ট জার্মেই তাঁকে ছাড়তে রাজি না হওয়ায়। অবশেষে পিএসজিকে আনচেলত্তির ইচ্ছা মেনে নিতেই হলো। তাঁকে ছেড়ে দিয়ে গতকাল ফ্রান্সের সাবেক কোচ লরাঁ ব্লাঁকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফরাসি ক্লাবটি। রিয়ালও এ দিনই সেরে ফেলেছে আনচেলত্তির সঙ্গে তিন বছরের জন্য চুক্তি। রিয়ালের কোচ হিসেবে এই ইতালিয়ান প্রথম সংবাদ সম্মেলন করবেন আজ।সদ্য শেষ হওয়া মৌসুমে রিয়ালকে বড় কোনো শিরোপা জেতাতে পারেননি মরিনহো। এর সঙ্গে দলের খেলোয়াড়দের সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়ে পড়ায় গত ২০ মে মরিনহোর সঙ্গে সম্পর্ক ছেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় রিয়াল। রিয়াল ছেড়ে মরিনহো চেলসিতে উঠেছেন আগেই। কোচের জন্য রিয়ালের পাঁচ সপ্তাহের অপেক্ষারও শেষ হলো।মরিনহোর উত্তরসূরি হিসেবে আনচেলত্তিই ছিলেন রিয়ালের এক নম্বর পছন্দ। ১৮ বছরের কোচিং ক্যারিয়ারে এসি মিলান, জুভেন্টাস ও চেলসির সাবেক কোচ জিতেছেন সম্ভাব্য সবকিছুই। ভিন্ন তিনটি দেশে লিগ জিতেছেন, দুবার জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। এই সাফল্যের কারণেই যেকোনো মূল্যে আনচেলত্তিকে পেতে মরিয়া ছিলেন রিয়ালের সাফল্যপিপাসু সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। আর রিয়াল কাউকে চাইলে যে নিয়েই ছাড়ে, সেটি তো আর অজানা নয়।নিজেদের সুনাম অক্ষুণ্ন রেখে আনচেলত্তির ব্যাপারেও রিয়ালই জয়ী হলো বটে, তবে এ জন্য অনেক মূল্য দিতে হলো। ২০১১ সালের ডিসেম্বরে দায়িত্ব নেওয়া আনচেলত্তি পিএসজিকে ১৯ বছর পর প্রথম লিগ জিতিয়েছেন। দলকে নিয়ে গিয়েছিলেন চ্যাম্পিয়নস লিগেরও কোয়ার্টার ফাইনালে। আনচেলত্তিকে কেন হারাতে চাইবে নতুন রূপে সাজা পিএসজি? কিন্তু শেষ পর্যন্ত রিয়ালের টাকার কাছে হারতেই হলো তাদের। তবে চুক্তির মেয়াদ থাকতেই আনচেলত্তিকে পেতে রিয়ালকে ক্ষতিপূরণ হিসেবে গুনতে হচ্ছে ৫২ লাখ ডলার। আনচেলত্তির সঙ্গে চুক্তির অঙ্কটা অবশ্য জানা যায়নি।আনচেলত্তিকে ছেড়ে দিতে হবেই বুঝতে পেরে পিএসজিও পছন্দের কাউকে খুঁজছিল গত কিছুদিন। সেই পছন্দটা খারাপও হয়নি। ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী ডিফেন্ডার ব্লাঁর কোচিং ক্যারিয়ার যদিও আনচেলত্তির মতো মোটেই বর্ণাঢ্য নয়। ২০০৭ সালে বোর্দোর হয়ে কোচিং ক্যারিয়ার শুরু। ২০১০ বিশ্বকাপের পর সেই ঝঞ্ঝা-বিক্ষুব্ধ সময়টায় নিয়েছিলেন ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব। কিন্তু ২০১২ ইউরোর কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে ৩-০ গোলে হেরে বিদায় নেওয়ার পর নিজেই সরে দাঁড়ান ব্লাঁ। ৪৭ বছর বয়সী ব্লাঁর সঙ্গে পিএসজির চুক্তিটা দুই বছরের। রয়টার্স, এএফপি।কোচ আনচেলত্তি১৯৯৫ সালে সিরি ‘বি’-এর দল রেজিয়ানার কোচ হিসেবে পেশাদার কোচিং ক্যারিয়ার শুরু। পারমা, জুভেন্টাস, মিলান, চেলসি, প্যারিস সেন্ট জার্মেই ঘুরে অবশেষে দায়িত্ব নিয়েছেন রিয়াল মাদ্রিদের।কোচ হিসেবে তিনটি আলাদা দেশের ফুটবল লিগ (সিরি ‘আ’ ২০০৩-০৪, ইংলিশ প্রিমিয়ার লিগ ২০০৯-১০ ও ফ্রেঞ্চ লিগ ওয়ান ২০১২-১৩) জেতা আনচেলত্তি মিলানকে দুবার জিতিয়েছেন চ্যাম্পিয়নস লিগও (২০০২-০৩, ২০০৬-০৭)খেলোয়াড় ও কোচ হিসেবে চ্যাম্পিয়নস লিগ জয়ী আনচেলত্তি ২০০২-০৩ মৌসুমে পেয়েছেন উয়েফার বর্ষসেরা কোচের পুরস্কারও।