অবশেষে আমিরের স্বীকারোক্তি
এক বছরেরও বেশি সময় ধরে নিজেকে নির্দোষ দাবি করে এসেছেন। কিন্তু অনড় ওই অবস্থান থেকে সরে এলেন মোহাম্মদ আমির। স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করলেন পাকিস্তানি এই ফাস্ট বোলার। গত শুক্রবার লন্ডনের এক আদালতের শুনানিতে আমির স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার লিখিত স্বীকারোক্তি দিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের দ্য নিউজ।গত বছর স্পট ফিক্সিং বোমাটা ফাটায় বন্ধ হয়ে যাওয়া ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড । আমির ছাড়াও এতে সে সময়ের পাকিস্তানি অধিনায়ক সালমান বাট ও নতুন বলে আমিরের জুটি মোহাম্মদ আসিফের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। পরে বিভিন্ন মেয়াদে তিনজনই নিষিদ্ধ হলেও কেউই নিজের দোষ স্বীকার করেননি। এই প্রথম স্বীকার করলেন আমির। দ্য নিউজ জানিয়েছে, দায় স্বীকার করলেও আমির দাবি করেছেন, লর্ডস টেস্টে তাঁকে ‘নো বল’ করতে বাধ্য করা হয়েছিল। টাকার বিনিময়ে তিনি ‘নো বল’ করেননি। সে সময়ের অধিনায়ক সালমান বাটের ওপরই আমির দোষ চাপিয়েছেন কি না, তা অবশ্য ওই সূত্র জানাতে পারেনি। ওয়েবসাইট।