অবশেষে আশরাফুল বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জল্পনা-কল্পনার অবসান হলো। মোহাম্মদ আশরাফুল আর রকিবুল হাসানকে ছাড়াই ঘোষিত হলো ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ১৩ সদস্যের দল। নিউজিল্যান্ড সফরের দল থেকে আরও বাদ পড়েছেন দুই পেসার নাজমুল হোসেন ও শাহাদাত হোসেন। এই চার ক্রিকেটারের দুঃসংবাদের দিনে সুসংবাদ শুনেছেন মাশরাফি বিন মুর্তজা ও মোহাম্মদ সোহরাওয়ার্দী। ওয়েস্ট ইন্ডিজ সফরে ইনজুরিতে পড়া মাশরাফি সুস্থ হয়ে আবার ফিরেছেন দলে। আর সোহরাওয়ার্দী জাতীয় দলে ডাক পেলেন এবারই প্রথম। মাশরাফির অসুস্থতার কারণে জুনায়েদ সিদ্দিক শেষ মুহূর্তে নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দলে চলে এলেও তিনি ছিলেন মূলত টেস্ট দলে। তবে এবার ওয়ানডে দলেই আছেন তিনি।২০০৩ সালের ইংল্যান্ড সিরিজের পর এই প্রথম জাতীয় দল থেকে বাদ পড়লেও আশরাফুলের এই বাদ পড়াটা নাকি স্বেচ্ছায়! কাল দল ঘোষণার সংবাদ বিজ্ঞপ্তিতেই প্রধান নির্বাচক রফিকুল আলম বলেছেন, ‘আশরাফুল নিজেই ক্রিকেট থেকে কিছুদিন দূরে থাকতে চেয়েছে। আমাদেরও মনে হয়েছে বাড়তি চাপ তার আত্মবিশ্বাসে প্রভাব ফেলছে। আমাদের বিশ্বাস, আন্তর্জাতিক ক্রিকেট থেকে কিছুদিন দূরে থাকাটাই তার জন্য মঙ্গলজনক এবং খুব দ্রুতই আবার দলে ফিরে সে তার সামর্থ্যের প্রতি সুবিচার করবে।’ আশরাফুলও মনে করছেন এই বিরতিটা তাঁর জন্য ভালোই হবে, ‘দল থেকে বাদ পড়লে স্বাভাবিকভাবেই কারও ভালো লাগে না। তবে আমার মনে হয় এটা আমার প্রাপ্য ছিল। আমি নিজে থেকেই একটা ব্রেক চেয়েছি, তবে শুধু ওয়ানডেতে। টেস্ট খেলতে চাই। টেস্ট খেলতে চাই বলেই জাতীয় লিগ খেলছি। টেস্ট সিরিজের আগে জাতীয় লিগে আরও ম্যাচ খেলতে চাই।’দলে নতুন আসা সোহরাওয়ার্দী শুভকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী প্রধান নির্বাচক, “স্পেশালিস্ট বাঁহাতি স্পিনার হিসেবেই দলে নেওয়া হয়েছে তাকে। এ ছাড়া মিডল অর্ডারে সে কার্যকর ব্যাটসম্যান, ভালো ফিল্ডারও। একাডেমি ও ‘এ’ দলের হয়ে গত কয়েক বছর ধারাবাহিকভাবে ভালো খেলছে সে।” বন্ধু ক্রিকেটার শামসুর রহমানের কাছ থেকেই জাতীয় দলে ডাক পাওয়ার খবরটা প্রথম শোনেন সোহরাওয়ার্দী। শুনে প্রতিক্রিয়া, ‘সব ক্রিকেটারেরই স্বপ্ন থাকে জাতীয় দলে ডাক পাওয়ার। আমারও ছিল। সে স্বপ্ন পূরণ হওয়ায় স্বাভাবিকভাবেই ভালো লাগছে।’কাল বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচে উইকেট না পেলেও ফেরার পূর্বাভাসটা ঠিকই দিয়েছিলেন মাশরাফি। মাঠে বসে তাঁর খেলা দেখে বিকেলের দল নির্বাচনী সভায় সে রিপোর্টই দিয়েছেন দুই নির্বাচক আকরাম খান ও জাহিদ রাজ্জাক। প্রধান নির্বাচকও বলেছেন সেটাই, ‘আজ (গতকাল) সে একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে, ডাক্তারও তাকে ম্যাচ খেলার মতো ফিট ঘোষণা করেছেন। আর মাশরাফির মতো কারও সামর্থ্য প্রমাণের কিছু নেই, আমরাও তার ওপর আস্থা রাখছি।’ দলে ফিরলেও ইংল্যান্ড সিরিজে অধিনায়ক থাকছেন সাকিব আল হাসানই। তবে এ নিয়ে কোনো আক্ষেপ নেই মাশরাফির, ‘আমার জন্য এখন খেলাটাই আসল। আর অধিনায়ক হিসেবে সাকিব ভালো করছে। হঠাত্ করে অধিনায়ক বদল হলে দলের মধ্যেও প্রভাব পড়তে পারে।’সংবাদ বিজ্ঞপ্তিতে নাজমুল আর শাহাদাতের বাদ পড়ার কারণ হিসেবে বলা হয়েছে ‘টিম কম্বিনেশন’, রকিবুলের বাদ পড়ার কারণ ‘বাজে ফর্ম।’ তবে একটি সূত্রে জানা গেছে, রকিবুল আর নাজমুলকে রেখেই গত পরশু ১৪ জনের দল চূড়ান্ত করেছিলেন নির্বাচকেরা। সেখান থেকে নাজমুল বাদ পড়েছেন মাশরাফি ফেরায়। আর হোম সিরিজে ১৩ জনের দল করার বাধ্যবাধকতা দিয়ে রকিবুলকে দলের বাইরে রাখার ‘পরামর্শ’টা নাকি বোর্ডেরই!ওয়ানডে সিরিজের দলসাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিক. আফতাব আহমেদ, মাহমুদউল্লাহ, নাঈম ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, আবদুর রাজ্জাক, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ সোহরাওয়ার্দী।