অবশেষে আসিফও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ আসিফ।
মোহাম্মদ আসিফ।

মোহাম্মদ আমির স্বীকার করেছেন সেই কবেই। এখন তিনি আইসিসির শিক্ষা কার্যক্রমে যুক্ত, আকসুর শিক্ষামূলক ভিডিওতে নিজের অভিজ্ঞতা বিনিময় করে সতর্ক করছেন অন্যদের। সপ্তাহ তিনেক আগে স্বীকার করেছেন ‘নাটের গুরু’ সালমান বাট। এবার ‘ত্রিরত্নের’ বাকিজনও স্বীকার করলেন স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার কথা। পিটিআইয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবর, লাহোরে পিসিবির প্রধান পরিচালন কর্মকতা সুবহান আহমেদের সঙ্গে দেখা করে দোষ স্বীকার করেছেন মোহাম্মদ আসিফ।
স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর থেকে বরাবরই অস্বীকার করে আসছিলেন আসিফ। নিষিদ্ধ হওয়া ও জেল খাটার পরও বারবার বলে আসছিলেন এসব ‘ষড়যন্ত্র’। আমির কিছুদিন পরই দোষ স্বীকার করে নিলেও আইসিসির নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে আপিল করেছিলেন বাট ও আসিফ। দুজনই হেরে যান আপিলেও। শেষমেশ গত ২৮ জুন দোষ স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চান বাট।
পিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র পিটিআইকে বলেছে, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার সাহস করে উঠতে পারেননি আসিফ। এ জন্যই একান্তে কথা বলেছেন পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তার সঙ্গে, ‘আসিফ বলেছে যে নিজের কান্ডে সে লজ্জিত এবং গত কয়েক মাস ধরেই বিবেকের তাড়না তাকে কুরে কুরে খাচ্ছে। কিন্তু প্রকাশ্যে সত্য বলতে সে ভয় পাচ্ছিল। এখন কিছুটা সামলে নিয়ে সে বোর্ড কর্তাদের কাছে স্বীকার করার সাহস করে উঠেছে। এখন সে নিজের ক্যারিয়ার পুনরুজ্জীবিত করতে চায়, চায় ভাবমূর্তি পুনরুদ্ধার করতে।’
লজ্জিত আসিফ নাকি ক্ষমা চেয়েছেন জাতির কাছেও, ‘সে বলেছে যে সে খুবই লজ্জিত এবং ভুল করার জন্য পুরো জাতি ও ভক্তদের কাছে সে ক্ষমাপ্রার্থী। আইসিসি ও পিসিবিকে সে সব ধরনের সহযোগিতা করতে চায়। দেরিতে হলেও আসিফ দোষ স্বীকার করে খুব ভালো করেছে। পিসিবি এখন শিগগিরই বাট ও আসিফের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবে।’
বিবেকের তাড়না থেকে এবার হয়তো খানিকটা মুক্তি মিলবে আসিফের। তবে ক্যারিয়ার পুনরুজ্জীবিত করার ইচ্ছে কতটা বাস্তব, সেটা নিয়ে সংশয় থাকছে। দোষী তিনজনকেই পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। সঙ্গে বাটের স্থগিত নিষেধাজ্ঞা আছে আরও পাঁচ বছর, আসিফের দুই বছর। দোষ স্বীকার করে নেওয়ায় এবং আইসিসির সব শর্ত মেনে চললে স্থগিত নিষেধাজ্ঞা কার্যকর হবে না। সে ক্ষেত্রে যদি পাঁচ বছরও ধরে নেওয়া হয়, তিনজন আবার মাঠে নামতে পারবেন ২০১৫ সালের সেপ্টেম্বরে। তখন আমিরের বয়স হবে ২৩, বাটের ৩১ ছুঁইছুঁই আর আসিফের প্রায় ৩৩। নিষেধাজ্ঞার সময়ে কোনো ধরনের ক্রিকেটেই খেলতে পারবেন না। তাই ওই বয়সে মাঠে নেমে মরচে ধরা অস্ত্রে শান দিয়ে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে আবার জাতীয় দলে ফিরতে হলে রূপকথার জন্ম দিতে হবে। সত্যিকারের সম্ভাবনা আছে তাই শুধু আমিরের। সম্প্রতি আইসিসির কাছে আমিরকে ট্রেনিং করতে দেওয়ার অনুমতিও চেয়েছে পিসিবি, যাতে নিষেধাজ্ঞা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফেরানো যায় জাতীয় দলে।
এই স্পট ফিক্সিং কাণ্ডে মূল হোতা বাট হলেও তিনজনের মধ্যে সবচেয়ে বিতর্কিত আসিফই। ডোপ টেস্টে পজেটিভ হওয়া, মাারিজুয়ানা নিয়ে দুবাই বিমানবন্দরে ধরা পড়াসহ কুকীর্তি কম নেই। অসাধারণ এক সুইং বোলার ছাপিয়ে আসিফের মূল পরিচয় হয়ে উঠেছে তাই মহাবিতর্কিত একজন। ওয়েবসাইট।