‘ঠিকই পড়ছেন। কোনো ভুল হয়নি। ইংল্যান্ড সত্যিই অস্ট্রেলিয়ায় ক্রিকেট ম্যাচ জিতেছে।’
যুক্তরাজ্যের একটি বিখ্যাত দৈনিকের অনলাইন সংস্করণ ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার চতুর্থ ওয়ানডের ম্যাচের বর্ণনা শুরু করেছে এই তিন বাক্যেই। অস্ট্রেলিয়া সফরে এসে হারকেই সঙ্গী বানিয়ে ফেলা ইংল্যান্ড অবশেষে জিতেছে কাল। পার্থে চতুর্থ ওয়ানডে ৫৭ রানে জিতে গত ১০ ম্যাচে এই প্রথম হাসিমুখে মাঠ ছেড়েছেন অ্যালিস্টার কুকরা। ১৩১ দিন পর ইংল্যান্ড পেয়েছে ভুলতে বসা জয়ের স্বাদ। গত বছরের সেপ্টেম্বরে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানোর পর এই প্রথম জয়; ইংল্যান্ড এড়িয়েছে নিজেদের ইতিহাসে টানা ম্যাচ হারের রেকর্ড।
সিরিজ জয় নিশ্চিত হয়েছে আগেই, অস্ট্রেলিয়া কাল মাঠে নেমেছিল অধিনায়ক মাইকেল ক্লার্ক, শেন ওয়াটসন, ব্র্যাড হাডিন ও ডেভিড ওয়ার্নারদের বাইরে রেখে। খর্বশক্তির এই দলের বিপক্ষেই ৮ উইকেটে ৩১৬ রান তোলে ইংল্যান্ড। এরপর ৪৭.৪ ওভারে অস্ট্রেলিয়া অলআউট ২৫৯ রানে। বেন স্টোকস ও জস বাটলারের অলরাউন্ড নৈপুণ্যেই ইংল্যান্ডের এই দাপুটে জয়।
তিনে ব্যাট করে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফিফটি পাওয়া স্টোকস ৮৪ বলে ৭০ রান করার পর পেস বোলিংয়ে নিয়েছেন ৪ উইকেট। সাতে নেমে ৪৩ বলে ৬ চার ও ৪ ছয়ে ৭১ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন বাটলার। এই উইকেটকিপার পাঁচ-পাঁচটি ক্যাচও নিয়েছেন।
টস হেরে ব্যাটিং পাওয়া ইংল্যান্ড ভালো শুরু করেছিল কুক ও বেলের ব্যাটে। উদ্বোধনী জুটিতে ১২.২ ওভারে ৮৭ রান। ইংলিশরা কাল ভাগ্যের ছোঁয়াও পেয়েছে। এক মিচেল জনসনের বলেই বেল ও স্টোকসের ক্যাচ ছেড়েছেন শন মার্শ। অস্ট্রেলিয়ার হয়ে একাই লড়লেন ওপেনার অ্যারন ফিঞ্চ। সিরিজে নিজের দ্বিতীয় সেঞ্চুরি (১০৮ রান) করে ফিরছেন সাজঘরে।
এই হারে শেষ হয়েছে র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার দুই দিনের রাজত্বও। ওয়ানডে র্যাঙ্কিংয়ে আবার শীর্ষে উঠেছে ভারত। র্যাঙ্কিংয়ের এই ওঠানামার খেলা অবশ্য চলবে আগামী কয়েক দিন। এএফপি, ওয়েবসাইট।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৫০ ওভারে ৩১৬/৮ (কুক ৪৪, বেল ৫৫, স্টোকস ৭০, ব্যালান্স ১৮, মরগান ৩৩, বোপারা ৩, বাটলার ৭১, ব্রেসনান ২, ব্রড ৪*, জর্ডান ০*; জনসন ০/৭২, প্যাটিনসন ১/৬৩, ফকনার ৪/৬৭, কোল্টার-নাইল ১/৬২, ম্যাক্সওয়েল ১/৩৭, ক্রিস্টিয়ান ১/১৫)। অস্ট্রেলিয়া: ৪৭.৪ ওভারে ২৫৯ (মার্শ ১৫, ফিঞ্চ ১০৮, ওয়েড ২৩, বেইলি ১১, স্মিথ ১৯, ম্যাক্সওয়েল ২৬, ক্রিস্টিয়ান ২৩, ফকনার ২, জনসন ৬, কোল্টার-নাইল ৯*, প্যাটিনসন ৪; জর্ডান ০/৫৭, ব্রড ২/৫৬, ব্রেসনান ৩/৪৫, ট্রেডওয়েল ০/২৬, বোপারা ১/৩২, স্টোকস ৪/৩৮)।
ফল: ইংল্যান্ড ৫৭ রানে জয়ী।
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ৩-১-এ এগিয়ে।
ম্যান অব দ্য ম্যাচ: বেন স্টোকস।