অবশেষে ইংল্যান্ডের এক দিন
গলের মতো পি সারা ওভালের গ্যালারিতেও শ্রীলঙ্কার চেয়ে ইংল্যান্ডের সমর্থন অনেক বেশি। বার্মি আর্মির বিশাল বহরের সঙ্গে আছেন আরও অনেক ক্রিকেট-পর্যটক। কাল শেষ সেশনের মাঝামাঝি সমর্থকদের প্রায় সবাই উঠে দাঁড়াল, একটি ফিফটিকে অভিবাদন জানাতে!ফিফটি করা একজনকে এমন দাঁড়িয়ে অভিবাদন একটু ব্যতিক্রমীই বটে। তবে প্রেক্ষাপট জানা থাকলে কারও অবাক হওয়ার কথা নয়। ওই পঞ্চাশ এসেছে যে দল ও নিজের বাজে ফর্মে চরম চাপে থাকা এক অধিনায়কের ব্যাট থেকে! শেষ পর্যন্ত অবশ্য প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারেননি অ্যান্ড্রু স্ট্রাউস। ফিরে গেছেন ৬১ রানে, টেস্ট সেঞ্চুরি-খরা বেড়ে হয়েছে ২৪ ইনিংস। তবে দিন শেষে তৃপ্তির অনেক কিছুও পাবেন ইংল্যান্ড অধিনায়ক। নিজে কিছু রান পেয়েছেন, দারুণ এক উদ্বোধনী জুটিতে দলকে এনে দিয়েছেন শক্ত ভিত্তি। টিকে আছেন অ্যালিস্টার কুক, দাঁড়িয়ে গেলে বড় ইনিংস খেলার অভ্যাস যাঁর ভালোই আছে।সকালে ইংলিশ বোলাররা শ্রীলঙ্কার শেষ ৪ উইকেট তুলে নিয়েছেন ৩৭ রানে। ব্যাটসম্যানরা অস্বস্তিকর উইকেটেও ৬৬ ওভারে হারিয়েছে মাত্র একটি উইকেট। পাকিস্তানের বিপক্ষে তিন টেস্টের সিরিজ আর শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজ মিলিয়েও এমন দিন আর আসেনি ইংল্যান্ডের জন্য। উইকেটের যে অবস্থা, চতুর্থ ইনিংসে ১৭৫-২০০ রানের লক্ষ্যও হয়ে উঠতে পারে দুরতিক্রম্য। প্রথম ইনিংসে বড় লিড তাই খুব জরুরি, সেই পথেও ভালোমতোই আছে ইংল্যান্ড। ২০১০ সালের নভেম্বরে অ্যাশেজের ব্রিসবেন টেস্টের পর থেকে তিন অঙ্কের সঙ্গে দেখা নেই স্ট্রাউসের। পরের ২৪ ইনিংসে দুই অঙ্ক ছুঁয়েছেন ১৯ বার, এর মধ্যে ১৫ বারই আবার ছুঁয়েছেন ২০। কিন্তু ফিফটি কালকেরটিসহ মাত্র ৬টি। ওপেনারের জন্য সবচেয়ে কঠিন কাজ, শুরুটা সময়টা ঠিকই কাটিয়ে দিচ্ছেন উইকেটে। কিন্তু থিতু হওয়ার পর বড় করতে পারছেন না ইনিংস। কালও অনেকটা একই ঘটনা। তবে নিজের লড়াকু জাতটা ঠিকই আরেকবার চিনিয়েছেন বাঁহাতি ওপেনার। সম্প্রতি খানিকটা অধারাবাহিক কুকও লড়াই করেছেন দাঁত কামড়ে। মন্থর, অসমান বাউন্সের উইকেটে দুজন ১২২ রানের জুটি গড়েছেন প্রায় ৫২ ওভার উইকেটে পড়ে থেকে। দিনের শেষ ঘণ্টাটা নিরাপদে কাটিয়ে দিয়েছেন কুক-ট্রট। হেরাথ-রণদিভকে কাল কোনো উইকেট দেয়নি ইংল্যান্ড, একমাত্র উইকেটটি খণ্ডকালীন স্পিনার দিলশানের। প্রিয় কাট শটে আউট হয়েছেন স্ট্রাউস। সকালে মাত্র ৯ ওভার পুরোনো নতুন বলেও খুব একটা সুবিধা করতে পারেননি ইংলিশ পেসাররা। তবে প্রথম দিনে নিষ্প্রভ সোয়ান সেটি বুঝতে দেননি। নিয়েছেন কালকের চার উইকেটের তিনটিই। এর মধ্যে ছিল ম্যাথুসের গুরুত্বপূর্ণ উইকেটটিও, শ্রীলঙ্কা তাই থমকে গেছে তিন শর বেশ আগেই। ওয়েবসাইট।