অবশেষে ইতোর মানভঞ্জন
কিংবদন্তি রজার মিলার সমালোচনায় ত্যক্ত-বিরক্ত স্যামুয়েল ইতো বিশ্বকাপ বর্জনের হুমকি দিয়ে তাহলে ভালোই করেছিলেন! এতে হলো কী, কোচ এবং দেশের ফুটবল ফেডারেশনকে তিনি পাশে পেলেন। মহান মিলা যা-ই বলুন, কোচ পল লে গুয়েন এবং ক্যামেরুনের ফুটবল ফেডারেশনের পূর্ণ সমর্থনই পেলেন ক্যামেরুনের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক। পরশু স্লোভাকিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১-১ গোলে ড্র করার পরই ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ পল লে গুয়েন। কোচ ইতোর কাঁধেই তুলে দিয়েছেন অধিনায়কের গুরুদায়িত্ব। আর তাতে পূর্ণ সমর্থন দিয়েছে ক্যামেরুন ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে ফেডারেশন সভাপতি আইয়া মোহাম্মেদ বলেছেন, ‘কোচ পল লে গুয়েন, অধিনায়ক স্যামুয়েল ইতো এবং ক্যামেরুনের পুরো জাতীয় দলের প্রতিই আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।’ এমন রাগ না দেখালে ২৯ বছর বয়সী ইন্টার মিলান ফরোয়ার্ডের হাতে অধিনায়কের বাহুবন্ধনী নাও উঠতে পারত। অন্তত ইতোর ক্ষেত্রে তাহলে রাগ মানেই লক্ষ্মী! ওয়েবসাইট।