অবশেষে উইকেটের দেখা পেল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঙ্গাকারাকে ফিরিয়ে আল আমিন-নাসিরের মুখে চওড়া হাসি। ছবি: শামসুল হক।
সাঙ্গাকারাকে ফিরিয়ে আল আমিন-নাসিরের মুখে চওড়া হাসি। ছবি: শামসুল হক।

নিজের ২২তম ওভারের প্রথম পাঁচটি বলই নিখুঁত লাইন-লেংথ বজায় রেখে, ঠিক জায়গায় ফেলে কুমার সাঙ্গাকারাকে বেশ বিপাকেই ফেললেন আল আমিন হোসেন। সাঙ্গাকারার অস্বস্তি বেশ স্পষ্ট হয়ে উঠছিল। সেই অস্বস্তিতেই কিনা ওভারের শেষ বলটি খোঁচা মারতে গিয়ে প্রথম স্লিপে দাঁড়ানো নাসিরের কাছে ক্যাচ তুলেন দিলেন শ্রীলঙ্কার অন্যতম সফল এ বাঁ-হাতি ব্যাটসম্যান। সেখানেও দেখা মিলল আরেকটি রোমাঞ্চকর দৃশ্য। নাসির একবার নয়, দুইবার নয়, তৃতীয়বারের চেষ্টায় তালুবন্দি করলেন মহামূল্যবান ক্যাচটি!

সেই সকাল থেকে ক্যাচ হাতছাড়া করার যে মহড়া চলছে মিরপুরে, সেই ধারাবাহিকতায় কিনা নাসির সহজ ক্যাচটিও ধরলেন কঠিন করে। আল আমিনের শিকার হওয়ার আগে সাঙ্গাকারা খেলেছেন ৭৫ রানের দারুণ ইনিংস। ৩৪তম টেস্ট শতক না ছোঁয়ার আক্ষেপে সাজঘরে ফিরতে ফিরতে কপালে বেশ ক’বার ব্যাট চাপড়ালেন।

সাঙ্গাকারকে ফেরানোর পর কুশল সিলভাকেও বেশিক্ষণ উইকেটে থাকতে দেননি বাংলাদেশি বোলাররা। ১৩৯ রানে সিলভা ফিরেছেন সাকিব আল হাসানের এলবিডব্লিউ’র ফাঁদে পড়ে। তবে উইকেটে রয়েছেন শ্রীলঙ্কার আরেক ভরসা মাহেলা জয়াবর্ধনে।

প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৯২ ওভারে ৩ উইকেটে ৩০২। বোলাররা অসাধারণ কিছু করে না দেখাতে পারলে নিশ্চিত শ্রীলঙ্কার রানের সৌধের নিচে চাপা পড়তে হবে টাইগারদের।