অবশেষে উডসের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত শিরোপা-বন্ধ্যাত্ব ঘুচিয়ে টাইগার উডস মেতে উঠলেন জয়ের আনন্দে! গত পরশু গ্রায়েম ম্যাকডাওয়েলকে পেছনে ফেলে আরনল্ড পালমার আমন্ত্রণমূলক টুর্নামেন্টের শিরোপা জিতেছেন উডস। ভুলে যাওয়া জয়ের স্বাদ পেয়ে মুখে ফিরল সেই ভুবন ভোলানো হাসি। ২০০৯ সালে ‘যৌন কেলেঙ্কারির’ কেচ্ছা ফাঁস হয়ে যাওয়ার পর পিজিএ ট্যুরে আর কখনো জিততে পারেননি ৩৬ বছর বয়সী গলফার। অর্থাৎ পরশুর জয়টা এল ৩০ মাস পর।দীর্ঘ প্রতীক্ষা আর দুঃসময়কে পেছনে ফেলা জয়। জয়টা আমন্ত্রণমূলক টুর্নামেন্টে হলেও উডস এটিকে আখ্যায়িত করলেন ‘খাঁটি জয়’ হিসেবে, ‘এটা মেজর চ্যাম্পিয়নশিপ বা অন্য কিছু জেতার মতো নয়। কিন্তু এটা অবশ্যই দারুণ এক অনুভূতির। এটা ছিল খাঁটি জয়’—স্মিত হেসে বলেছেন উডস। ক্যারিয়ারের ৭২তম পিজিএ ট্যুর জয়টি সহজ ছিল না মোটেও। অরলান্ডোর বে হিল ক্লাবের গলফ কোর্সের আবহাওয়া অনুকূল ছিল না। প্রাকৃতিক বৈরিতাকে জয় করে ৬০ লাখ ডলার প্রাইজমানির টুর্নামেন্ট জিতেছেন পারের চেয়ে ১৩ শট কম খেলে। আত্মবিশ্বাস ফিরে পাওয়া উডসের দৃষ্টি এখন মেজর চ্যাম্পিয়নশিপের দিকে। ১৪টি মেজরজয়ী যুক্তরাষ্ট্রের কিংবদন্তি গলফার আর চারটি জিতলেই ভাগ বসাবেন জ্যাক নিকলাসের সর্বোচ্চ ১৮টি মেজর জয়ের রেকর্ডে। সেদিকে দৃষ্টি রেখেই উডস অপেক্ষায় আছেন অগাস্টা মাস্টার্সের জন্য। ২-৮ এপ্রিলের ওই টুর্নামেন্ট সম্পর্কে উডসের কথা, ‘কোনো সন্দেহ নেই, আমি রোমাঞ্চিত।’ এএফপি।