অবশেষে ওয়েস্ট ইন্ডিজের গেইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে খুলেছে বিষম সেই গেরো। আপাত অবসান হয়েছে ১৫ মাসের টানাপোড়েনের। আবারও ওয়েস্ট ইন্ডিজের পোশাকে দেখা যাবে ক্রিস গেইলকে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা পেয়েছেন বিধ্বংসী ওপেনার। ১৬ জুন সাউদাম্পটনে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২৪ জুন একমাত্র টি-টোয়েন্টি ট্রেন্টব্রিজে। ওয়ানডের দলটিই টি-টোয়েন্টিতে অপরিবর্তিত থাকবে কি না, তা জানানো হয়নি।সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের দল নির্বাচনী সভাটি রূপ নিয়েছিল অনেকটা রাজনৈতিক সভায়। গেইল দলের বাইরে ছিলেন তো আর পারফরম্যান্সের কারণে নয়, ওই রাজনীতির কারণেই! গেইল ও তাঁর এজেন্ট মাইকেল হলের সঙ্গে কথা বলেছেন সেন্ট ভিনসেন্টের প্রধানমন্ত্রী রালফ গনসালভেস, অ্যান্টিগা ও বারবুডার প্রধানমন্ত্রী বল্ডউইন স্পেন্সার, ডব্লুআইসিবির (ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড) প্রধান জুলিয়ান হান্ট, বোর্ড পরিচালক এলসন ক্রিক ও বোর্ডের আইন উপদেষ্টা অ্যালানা মেডফোর্ড।বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে ২০১১ বিশ্বকাপের পর থেকেই দলের বাইরে গেইল। একটি রেডিও সাক্ষাৎকারে বোর্ড ও কোচকে ধুয়ে দেওয়া থেকে ঝামেলার সূত্রপাত। এরপর দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ, ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের মধ্যস্থতা প্রচেষ্টায় পরিস্থিতির আরও অবনতি, কাদা ছোড়াছুড়ি মিলিয়ে একটা পর্যায়ে মনে হচ্ছিল, এই গেরো খোলার উপায় বুঝি আর নেই। গত ফেব্রুয়ারিতে একটি ই-মেইলে ওয়েস্ট ইন্ডিজ দলে ভবিষ্যৎ নিয়ে তাঁর ভাবনার কথা গেইলের কাছে সুনির্দিষ্ট করে জানতে চায় বোর্ড। গেইল ইতিবাচক উত্তর দেন। এরপর মার্চে কারিকমের মধ্যস্থতায় একটি চুক্তিতে পৌঁছায় দুই পক্ষ। তবে ৩০ এপ্রিল আবার বেঁকে বসে বোর্ড, জানিয়ে দেয় গেইলের সঙ্গে কিছু ব্যাপার চূড়ান্ত করা এখনো বাকি আছে। পরশু সেন্ট ভিনসেন্টে এই বাকি থাকা ব্যাপারগুলোরই মোটামুটি একটা সুরাহা হয়েছে ক্যারিবিয়ানের রাজনৈতিক হর্তাকর্তাদের মধ্যস্থতায়।গেইল ছাড়াও ফিরেছেন লেন্ডল সিমন্স। দুজনই সম্ভবত জুটি বাঁধবেন ইনিংসের শুরুতে। আইপিএল শেষে ফিরেছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও দুই ‘ফ্রি ল্যান্স’ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো ও কাইরন পোলার্ড। চোটের কারণে নেই কেমার রোচ। ওয়ানডেতেও ফিরেছেন রবি রামপল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন কাইরান পাওয়েল ও দেবেন্দ্র বিশু।ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: ক্রিস গেইল, লেন্ডল সিমন্স, ড্যারেন ব্রাভো, কাইরন পোলার্ড, মারলন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভো, দিনেশ রামদিন, ড্যারেন স্যামি, ডোয়াইন স্মিথ, আন্দ্রে রাসেল, টিনো বেস্ট, ফিদেল এডওয়ার্ডস, রবি রামপল, সুনীল নারাইন।