অবশেষে কাজানের বিপক্ষে বার্সেলোনার জয়
শক্তিমত্তার বিচারে ইউরোপীয় জায়ান্ট বার্সেলোনার সঙ্গে রুবিন কাজানের যোজন যোজন ফারাক থাকলেও মুখোমুখি লড়াইয়ে এত দিন রাশিয়ার এই ক্লাবটিই এগিয়ে ছিল। এর আগের তিনটি ম্যাচের দুটিতেই ড্র আর একটিতে বার্সেলোনা নিজেদের মাঠে হেরেছিল ২-০ গোলে। এবারও চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বার্সা-বধের সেই সুখস্মৃতি আর আত্মবিশ্বাস নিয়েই ন্যু ক্যাম্পে এসেছিল কাজান। কিন্তু এবার তাদের ‘মিশন বার্সেলোনা’ আর সফল হয়নি। ২-০ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে দুবারের রুশ লিগ জয়ী এই ক্লাবটিকে। পরবর্তী রাউন্ড নিশ্চিত হয়ে যাওয়ায় কাজানের বিপক্ষে মূল একাদশের অনেককেই মাঠে নামাননি গার্দিওলা। মেসি, জাভি, ভিয়া, পুয়োল, ইনিয়েস্তাদের ছাড়াই মাঠে নেমেছিল বার্সেলোনা। তবুও কাজানের বিপক্ষে জয় পেতে কাতালানদের দ্বিতীয় সারির দলটিকে খুব বেশি বেগ পেতে হয়নি। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটেই বার্সেলোনাকে প্রথম গোল এনে দেন তরুণ ডিফেন্ডার ফন্তাস। ৮২ মিনিটে দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন ভিক্টর ভকুয়েজ। এ জয়ের মাধ্যমে বার্সেলোনা প্রমাণ করে দিল ক্লাবটির সাইড বেঞ্চ কতটা শক্তিশালী। গতকালের চ্যাম্পিয়নস লিগের অন্য খেলায় ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড আর ভ্যালেন্সিয়া। সি গ্রুপ থেকে দুই দলই চলে গেছে পরবর্তী রাউন্ডে। উত্তেজনাপূর্ণ খেলায় ৩-৩ গোলে ড্র করেছে টুয়েন্টে আর টটেনহাম হটসপার। সকারনেট।