অবশেষে ক্রিকেটারদের হাতে পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারও পুরস্কারটা প্রাপ্য ছিল এক বছর আগে, কারও ছয় মাস আগে ঘোষিত। ঘোষণা যত পুরোনোই হোক, শেষ পর্যন্ত পুরস্কার পেলেন ক্রিকেটাররা! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার অবশেষে কাল ক্রিকেটারদের হাতে তুলে দিয়েছেন তাঁর ঘোষিত বিভিন্ন সময়ের পুরস্কার।

জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে অধিনায়ক মুশফিকুর রহিমের নেতৃত্বে জাতীয় দলের ক্রিকেটাররা সব মিলিয়ে মন্ত্রীর হাত থেকে নিয়েছেন ৩৫ লাখ টাকার পুরস্কার। তবে পুরস্কারপ্রাপ্ত ক্রিকেটার ১৭ জন হলেও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হলেন মাত্র আটজন। এত কম ক্রিকেটারের উপস্থিতি বিস্ময়করই কারণ, সময়মতো পুরস্কারের টাকা না পেলে এই ক্রিকেটাররাই আবার উতলা হয়ে ওঠেন। অথচ মন্ত্রী যখন আগে থেকে দিনক্ষণ ঘোষণা করে পুরস্কার দিচ্ছেন, তখন সেটা নিজে নিতে আসার সৌজন্য দেখালেন না অনেক ক্রিকেটার। যাঁরা আসেননি তাঁদের হয়ে পুরস্কার নিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম।

ক্রীড়া প্রতিমন্ত্রীর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসানসহ ক্রিকেট বোর্ডের আরও কয়েকজন কর্মকর্তা।