অবশেষে ক্লার্ক-বিঙ্গল ছাড়াছাড়ি
সময়টাই গোলমেলে। চারদিকে ভাঙনের সুর। ঘর ভাঙল এবার মাইকেল ক্লার্কেরও। লারা বিঙ্গলের সঙ্গে সম্পর্কের ইতি টেনে দিলেন তিনি। তিন বছর আগে অস্ট্রেলিয়ার মডেল বিঙ্গলের সঙ্গে প্রেম শুরু হয় ক্রিকেট তারকা ক্লার্কের। ২০০৮ সালের মার্চে আংটিও বদল করেন। সিডনি বন্ডি সমুদ্রসৈকতের পাশে দুজনে বাড়িও কিনেছিলেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে বিয়ে হওয়ার আগেই আরেক মার্চে এসে হলো বিচ্ছেদ।তিন বাক্যের একটি বিবৃতিতে তিন বছরের সম্পর্কের ইতি টেনে দেওয়ার কথা জানানো হয়েছে, ‘মাইকেল ক্লার্ক আর লারা বিঙ্গল তাঁদের বাগদানের ইতি টেনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই কঠিন সময়টাতে মিডিয়াকে তাঁরা অনুরোধ জানিয়েছেন যেন তাঁদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানো হয়। এর চেয়ে বেশি কোনো মন্তব্য করা হবে না।’দিন দশেক আগে বিঙ্গলের বিবস্ত্র একটা ছবি পত্রিকায় ছাপা হওয়া নিয়ে ঘটনার শুরু। ২০০৬ সালে বিঙ্গলের তখনকার প্রেমিক অস্ট্রেলিয়ান রুল ফুটবল তারকা ব্রেন্ডন ফেভোলা এই ছবিটা তুলেছিলেন। ছবি ছাপা হওয়ার পর বিতর্ক শুরু হলে উইমেন্স ডে সাময়িকীকে একটি সাক্ষাত্কার দেন বিঙ্গল। যে সাক্ষাত্কারে ফেভোলার বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছিলেন তিনি। এও জানিয়েছিলেন, ক্লার্ক তাঁর পাশেই আছেন। যদিও একই সময় পত্রপত্রিকায় খবর বেরোয়, বিঙ্গল নিজে থেকে আগ্রহী হয়ে সাক্ষাত্কারটি দিয়েছিলেন। আর এর বিনিময়ে তিনি ২ লাখ মার্কিন ডলার নিয়েছেন। বিঙ্গল আর তাঁর মুখপাত্র দুজনই এই টাকা নেওয়ার খবর অস্বীকার করলেও পুরো বিষয়টি ক্লার্কের পছন্দ হয়নি। নিউজিল্যান্ড সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরে আসেন। কিন্তু সবকিছু ভালোয় ভালোয় শেষ হলো না। ক্লার্ক আরও একবার বিঙ্গলের সঙ্গে মুখোমুখি বসে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু আভোকায় বান্ধবীর ফ্ল্যাটে গিয়ে ওঠা বিঙ্গল রাজি হননি। শেষ পর্যন্ত ফোনের মাধ্যমেই ইতি টেনে দেওয়া হয় সম্পর্কের।ভাঙা হূদয় নিয়েই আগামী কাল নিউজিল্যান্ডে দলের সঙ্গে ক্লার্ক যোগ দেবেন বলে জানা গেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্র পিটার ইয়াং জানিয়েছেন, ‘ও টেস্ট দলে যোগ দিতে খুবই আগ্রহী। যা হয়েছে সেটি খুবই দুঃখজনক। মাইকেলের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। ও টেস্ট দলে ফেরার ইচ্ছাই জানিয়েছিল। এখন দেখা যাক কী হয়।’ ওয়েবসাইট।