অবশেষে গার্দিওলার সন্তুষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেপ গার্দিওলা
পেপ গার্দিওলা

বায়ার্ন মিউনিখে আসার পর শুরুটা খারাপ হয়নি পেপ গার্দিওলার। বুন্দেসলিগার প্রথম ছয়টি ম্যাচের পাঁচটিতেই জয় পেয়েছেন। চ্যাম্পিয়নস লিগের শুরুটাও হয়েছে জয় দিয়ে। তার পরও কিছুটা যেন অস্বস্তিতেই ছিলেন বার্সেলোনার সাবেক এই ‘সর্বজয়ী’ কোচ। ঠিক মনমতো হচ্ছিল না সবকিছু। কোথাও যেন গলদ, একটু ফাঁকফোকর থেকেই যাচ্ছিল। তবে কাল শালকের বিপক্ষে বুন্দেসলিগার ম্যাচটিতে জয় পেয়ে সন্তুষ্টিই ঝরেছে তাঁর কণ্ঠে। এটাকেই এখন পর্যন্ত বায়ার্নের সেরা পারফরম্যান্স বলে বিবেচনা করছেন এই স্প্যানিশ কোচ।
শালকের বিপক্ষে বায়ার্নের জয় ৪-০ গোলের। ম্যাচে ৬৯ শতাংশ সময়ই বল ছিল বাভারিয়ানদের দখলে। শুধু সীমিত একটা সময় না, বরং পুরো ম্যাচেই দল আধিপত্য বিস্তার করে খেলতে পারাটাই মূলত গার্দিওলার সন্তুষ্টির জায়গা। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘এবারের মৌসুমে বুন্দেসলিগায় এটাই আমাদের সেরা পারফরম্যান্স। আমি খেলোয়াড়দের ওপর সন্তুষ্ট। গর্বিত এই কারণে যে তারা পুরো খেলাতেই আমার নির্দেশনা অনুযায়ী খেলতে পেরেছে। অন্য ম্যাচগুলোতে আমরা হয়তো ভালো খেলতে পেরেছি ৩০ বা ৪৫ মিনিট। কিন্তু এবার পুরো ৯০ মিনিটই আমরা খুব ভালো খেলেছি। জার্মানির অন্যতম শক্তিশালী একটা দলের বিপক্ষে আমাদের আধিপত্য ছিল পুরোটা সময়ই।’
শালকের বিপক্ষে ইনজুরি কাটিয়ে দলে ফিরেই গোল করেছেন বাস্তেন শোয়েনস্টাইগার। অপর তিনটি গোল এসেছে মারিও মানজুকিচ, ফ্রাঙ্ক রিবেরি ও ক্লাউডিও পিজ্জারোর পা থেকে। ৪-০ গোলের এই জয়ের পর পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে এসেছে বায়ার্ন। তবে শীর্ষ স্থানটি একাই দখলে নিতে পারেনি বায়ার্ন। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে বায়ার্নের পাশাপাশিই হাঁটছে চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ড। রয়টার্স।