অবশেষে গোঁফ কামালেন জনসন

অবশেষে নিজের ‘বিখ্যাত গোঁফটি কামিয়ে ফেললেন মিচেল জনসন। অ্যাশেজ সিরিজে বিখ্যাত হয়ে ওঠা তাঁর গোঁফ কামানোর দায়িত্ব পালন করেছেন তাঁর স্ত্রী জেসিকা। তবে জনসন জানিয়ে দিয়েছেন অ্যাশেজ সিরিজের মতোই আগ্রাসী হতে দক্ষিণ আফ্রিকা সফরে আবার গোঁফ রাখবেন তিনি।
একটি স্বেচ্ছাসেবী সংস্থার অনুরোধে ‘ঢেঁকি গেলার’ মতোই তিনি নিজের গোঁফটি রেখেছিলেন। গোঁফ নাকি তিনি নিজেও একেবারে পছন্দ করেন না। সংস্থাটির সঙ্গে চুক্তি ছিল অ্যাশেজ সিরিজ শেষ না হওয়া পর্যন্ত তিনি গোঁফ কামাতে পারবেন না। কিন্তু অ্যাশেজে গোঁফ রেখেই কিনা তিনি হয়ে উঠলেন দারুণ আগ্রাসী। ৩৭টি উইকেট নিয়ে তিনি রীতিমতো দুর্দমনীয় হয়ে উঠেছিলেন বল হাতে। গতকাল মঙ্গলবার একটি টিভি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তিনি কামিয়ে ফেললেন তাঁর সেই গোঁফ।
জনসনের গোঁফ কামিয়ে দারুণ আনন্দিত স্ত্রী জেসিকা, ‘নোংরা গোঁফটা একেবারেই ভালো লাগছিল না। তবে গত কয়েক দিন ব্যাপারটা উপভোগ করেছি। এই গোঁফ দেখিয়েই তো অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য ৪০ হাজার ডলার সহায়তা উঠেছে।’
তবে জনসনের নতুন হুংকার গ্রায়েম স্মিথদের আতঙ্কিতই করতে পারে। কারণ পরের মাসেই তো দক্ষিণ আফ্রিকা সফর। ওই সফরে জনসন আবার গোঁফ রাখলে আতঙ্কিত তো তাঁরা হতেই পারেন। ওয়েবসাইট।