অবশেষে গোল-লাইন প্রযুক্তি
একটা পরিবর্তন এরই মধ্যে এসেই গেছে। গত ইউরোতে পাঁচ রেফারির আন্তর্জাতিক ফুটবল দেখেছে বিশ্ব। তবে সেটা ছিল উয়েফার উদ্যোগ। এবার ফিফাও অনুমোদন দিল পাঁচ রেফারির। মূল রেফারির সঙ্গে দুই সাইড লাইনে দুই সহকারীর পাশাপাশি এখন থেকে দুই গোলপোস্টের পাশেও থাকবেন অতিরিক্ত দুই রেফারি। ফুটবলের আইনপ্রণেতা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) আরও দুটি পরিবর্তনের অনুমোদন দিয়েছে। গোল-লাইন প্রযুক্তি (জিএলটি) ও মহিলা ফুটবলারদের হিজাবের ব্যবহার।এই দুটি বিষয় নিয়ে সম্প্রতি খুব আলোচনা হচ্ছিল। গোল-লাইন নিয়ে আলোচনাটা অবশ্য অনেক দিন ধরেই। ইউরোতেও গোল-লাইন বিতর্ক দেখা দেওয়ার পর নতুন করে সেটি আলোচনায় আসে। ওই ম্যাচের পর ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারও টুইট করেছিলেন, ‘এটা (জিএলটি) এখন আর বিকল্প নয়, এখন এটি সময়ের দাবি।’ ফুটবলে ‘নিরাপত্তা ও স্বাস্থ্যগত কারণে’ হিজাব নিষিদ্ধ ছিল। এই নিষেধাজ্ঞার কারণে এবারের অলিম্পিক ফুটবলে খেলার সুযোগ হারিয়েছে ইরানের মহিলা ফুটবল দল। বাছাইপর্বের গুরুত্বপূর্ণ একটি ম্যাচে হিজাব ছাড়া খেলতে রাজি হয়নি ইরানের মেয়েরা। ফলে ওই ম্যাচটি খেলতেই দেওয়া হয়নি তাঁদের। ফিফার ভাইস প্রেসিডেন্ট ও নির্বাহী কমিটির সদস্য, জডার্নের প্রিন্স আলী বিন আল-হুসেইন হিজাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। এ নিয়ে ফিফা চাপের মুখেও ছিল। অবশেষে আইএফএবির আট সদস্যের সর্বসম্মত সিদ্ধান্তে হিজাবের ওপর থেকে উঠে গেল নিষেধাজ্ঞা। স্বাভাবিকভাবেই প্রিন্স আলীর মধ্যে বিজয়ের একটা অনুভূতি হচ্ছে। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘বিশ্বজুড়ে সব নারী খেলোয়াড়কে অভিনন্দন। মাঠে আমরা আপনাদের খেলতে দেখতে চাই। মহিলাদের ফুটবল বিকশিত হচ্ছে। আপনাদের খেলা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আপনাদের ওপর আমাদের পূর্ণ সমর্থন আছে।’ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। জিএলটির জন্য দুটি প্রযুক্তি অনুমোদন করা হয়েছে—হক-আই এবং গোলরেফ। হক-আই প্রযুক্তি এরই মধ্যে ক্রিকেট ও টেনিসে ব্যবহূত হচ্ছে। এই দুই প্রযুক্তির মাধ্যমে এক সেকেন্ডের মধ্যে রেফারি জেনে যাবেন গোল হয়েছে কি হয়নি। ফলে খেলা থামানোর প্রয়োজনই পড়বে না। এ বছরের শেষে অনুষ্ঠেয় আগামী ক্লাব বিশ্বকাপ, ২০১৩-এর কনফেডারেশনস কাপ এবং ২০১৪ বিশ্বকাপে ব্যবহার করা হবে জিএলটি। এএফপি, রয়টার্স। ফুটবলে প্রযুক্তির ব্যবহার অনুমোদিত হওয়ার দিনটিকে ‘মহাগুরুত্বপূর্ণ এক দিন’ হিসেবে অভিহিত করেছেন ইংলিশ ফুটবল সংস্থার (এফএ) মহাসচিব অ্যালেক্স হর্ন। গোল-লাইন প্রযুক্তি ব্যবহারে সবচেয়ে সোচ্চার ছিল এফএ। আইএফএবিতেও ব্রিটিশদের প্রভাব খুব বেশি। আট সদস্যের এই বোর্ডে চারটি ভোটই ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের। বাকি চারটি ভোট ফিফার। কোনো নিয়মের পরিবর্তন করতে হলে আট ভোটের মধ্যে কমপক্ষে ছয়টি ভোটের প্রয়োজন পড়ে।