
জেমস অ্যান্ডারসন আর স্টুয়ার্ট ব্রডরা দেখালেন গতির ঝড় তোলার সামর্থ্য তাঁদেরও আছে। প্রতিপক্ষকে তাঁরাও রক্তাক্ত করতে পারেন।
নাহ্, কথার কথা নয়, মেলবোর্নে কাল সত্যি সত্যি ক্রিস রজার্সের রক্ত ঝরিয়েছেন স্টুয়ার্ট ব্রড। অসমান বাউন্সের কারণে ইংলিশ পেসারের বলটা বুঝতে পারেননি রজার্স। হেলমেটের কানায় বল লেগে মুখটা একটু কেটেই গেল অস্ট্রেলিয়ান ওপেনারের। যেটির নিরাময়ে দৌড়ে মাঠে আসতে হয়েছে মেডিকেল স্টাফকে।
এটা এক টুকরো ছবি মাত্র। এ রকম আরও কিছু টুকরো জোড়া দিলে যে ছবিটা দাঁড়াবে সেটার শিরোনাম—মেলবোর্নে ইংলিশ পেসে বিধ্বস্ত অস্ট্রেলিয়া। ১৬৪ রানে মাইকেল ক্লার্কের দলের ৯ উইকেট নেই। ২৫৫ রানে অল আউট হওয়ার কল্যাণে দ্বিতীয় দিন শেষে ৯১ রানের লিড ইংল্যান্ডের। হ্যাঁ, সেই ইংল্যান্ড যারা আগের তিন টেস্টে যথাক্রমে ৩৮১, ২১৮ ও ১৫০ রানে হেরে ‘ভস্মাধার’ হারিয়েছে এরই মধ্যে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর সম্মান বাঁচানোর লড়াইয়েই ঘুরে দাঁড়িয়েছে অ্যালিস্টার কুকের দল।
ব্রডের বাউন্সারে রক্তাক্ত হলেও এখন পর্যন্ত রজার্সই অস্ট্রেলিয়ার পক্ষে সবচেয়ে বড় প্রতিরোধের নাম। প্রায় পৌনে চার ঘণ্টা ক্রিজে ছিলেন, ৬১ রান করতে খেলেছেন ১৭১ বল! টিম ব্রেসনানের বলে কেভিন পিটারসেনের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে শেষ দিকে হয়তো একটু ধৈর্য হারিয়ে ফেলেছিলেন। একমাত্র তাঁর উইকেটটা পেতেই ঘাম ঝরাতে হয়েছে ইংলিশ বোলারদের।
রজার্স ফিরে যাওয়ার সময় স্কোরবোর্ডে অস্ট্রেলিয়ার রান ছিল ১১২। তাঁর আগেই ড্রেসিং রুমে ফিরে গেছেন ডেভিড ওয়ার্নার (৯), শেন ওয়াটসন (১০), মাইকেল ক্লার্ক (১০) ও স্টিভেন স্মিথ (১৯)। অস্ট্রেলিয়া সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ৫০ থেকে ৫৮ ওভারের মধ্যে। এ সময় মাত্র ১২ রানে হারিয়ে বসে তিন উইকেট। এই বিপর্যয় আর শেষ পর্যন্ত সামলে উঠতে পারেনি ক্লার্কের দল।
গুটিয়ে থেকে লাভ হবে না ভেবে পাল্টা আক্রমণকেই বড় অস্ত্র হিসেবে কাজে লাগিয়েছেন ব্র্যাড হাডিন। বাকি সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে একমাত্র তিনিই ব্যাট হাতে পাল্টা জবাব দিয়েছেন ইংলিশ পেসারদের। ৪৯ বলে ৪৩ রানে অপরাজিত থাকা হাডিনের দিকে আজও তাকিয়ে থাকবে অস্ট্রেলিয়া। দিন শেষে ইংল্যান্ডের সঙ্গে ৯১ রানের যে ব্যবধান রয়ে গেছে, সেটা কমিয়ে আনতে হলে আজ তাঁর যোগ্য সঙ্গী হয়ে উঠতে হবে শেষ ব্যাটসম্যান লায়নকেও।
দিনের শুরুটা দেখে অবশ্য বোঝা যায়নি শেষবেলায় অস্ট্রেলিয়ানদের এই করুণ দশা হবে। দিনের প্রথম বলেই রায়ান হ্যারিসকে চার মেরে শুরু করেছিলেন কেভিন পিটারসেন। আগের দিনের ৬৭ রানের সঙ্গে কেবল ওই চারটি রানই যোগ করতে পেরেছেন ইংলিশ ব্যাটসম্যান। পরের ওভারেই মিচেল জনসনের বলে বোল্ড হয়ে ফিরে গেছেন। একই ওভারে তাঁর আগে জনসন ফিরিয়ে দিয়েছিলেন ব্রেসনানকেও। শেষ দিকে ব্রডকে এলবিডব্লু করে এবারের অ্যাশেজে তৃতীয়বারের মতো ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন জনসন। সব মিলিয়ে এই সিরিজে এখন পর্যন্ত ৩২.৩ গড়ে ২৮ উইকেট তাঁর। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে এর চেয়ে বেশি উইকেট নেই আর কোনো বাঁহাতি পেসারের। ওয়েবসাইট, স্টার স্পোর্টস।