অবশেষে চার ক্লাবের টি-টোয়েন্টি
ক্রিকেটের ভরা মৌসুমেও বসে আছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে তাঁদের জন্য সুখবর, চার দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টটা অবশেষে হচ্ছে। আর তাতে খেলবে প্রিমিয়ার ক্রিকেট লিগের চার ক্লাব। এর মধ্যে আবাহনী, মোহামেডান এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের খেলা একরকম নিশ্চিত। আজকের মধ্যে নিশ্চিত হওয়ার কথা চতুর্থ ক্লাবটিও।
ডাবল লিগ পদ্ধতির টুর্নামেন্টের জন্য ১৪ জন করে মোট ৫৬ জন ক্রিকেটারকে ‘এ’ ও ‘বি’ শ্রেণীভুক্ত করে লাল, নীল, হলুদ ও সবুজ নামে চারটি দলও করে ফেলেছেন নির্বাচকেরা। এই চারটি দল লটারির মাধ্যমে ক্লাবগুলোর মধ্যে বণ্টন করা হবে। শুরুতে অবশ্য চারটি স্পনসর নিয়ে লাল, নীল, হলুদ ও সবুজ দল নামেই দলগুলোর খেলার কথা ছিল। কিন্তু স্পনসরদের কাছ থেকে আশাব্যঞ্জক সাড়া না পাওয়ায় কাল শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগের চারটি ক্লাব নিয়েই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বোর্ড সূত্র জানিয়েছে, এই তিন ক্লাব ছাড়াও লিগের আরও কয়েকটি ক্লাবকে সিলেট ও ঢাকায় অনুষ্ঠেয় টুর্নামেন্টটিতে খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু কাল পর্যন্ত আর কোনো ক্লাব তাতে খেলার ব্যাপারে আগ্রহ দেখায়নি।
টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য তারিখ ২২ ডিসেম্বর, ফাইনাল হবে ৩১ ডিসেম্বর। ২২, ২৩, ২৫ ও ২৬ তারিখের ম্যাচগুলো হবে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে। দলগুলো এরপর ঢাকায় ফিরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৮ ও ২৯ ডিসেম্বর আরও চারটি ম্যাচ খেলবে। ৩১ ডিসেম্বর একই মাঠে হবে ফাইনাল। বিশ্বকাপের ভেন্যু বলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টানা ম্যাচ খেলানোর ব্যাপারে আইসিসির বিধিনিষেধ আছে। টুর্নামেন্টের প্রথম অংশটা সিলেটে করা সে কারণেই। তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আরেক ভেন্যু সিলেট বিভাগীয় স্টেডিয়ামেরও একটা পরীক্ষা হয়ে যাবে।
বিসিবি পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান খালেদ মাহমুদ জানিয়েছেন, ‘টুর্নামেন্টের জন্য প্রতিটি ক্লাবের সম্ভাব্য বাজেট ধরা হয়েছে ৪০-৪৫ লাখ টাকা। “এ” শ্রেণীতে থাকা জাতীয় দলের খেলোয়াড়েরা ম্যাচ ফি বাবদ টুর্নামেন্ট থেকে মোট আড়াই লাখ টাকার মতো পাবে। “বি” শ্রেণীতে থাকা জাতীয় দলের বাইরের ক্রিকেটাররা পাবেন দেড় লাখ টাকা করে।’
কাল পর্যন্তও কোনো টাইটেল স্পনসর পাওয়া যায়নি এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটির জন্য। তবে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল নাকি এর ম্যাচগুলো সরাসরি দেখাতে আগ্রহ প্রকাশ করেছে।