অবশেষে জমল লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেল স্টেইনই তো! গতি ১৪০ কিমিও ছুঁচ্ছিল না, শরীরী ভাষাতেও নেই সেই খুনে মনোভাব। সময়ের সেরা ফাস্ট বোলার ওভাল টেস্টের প্রথম দিনে ছিলেন যেন নিজের ছায়া। চোট নিয়ে খেলেছেন, উঠল এমন গুঞ্জন। দিন শেষে গোড়ালিতে চিকিৎসা নেওয়ায় গুঞ্জনটা শক্ত ভিত পেল। তবে কাল সেই চেনা স্টেইন। দুর্দান্ত এক স্পেলে সাতসকালেই ফেরালেন কুক ও বোপারাকে। দক্ষিণ আফ্রিকাও পেয়ে গেল ম্যাচে ফেরার পথ।সেই পথ ধরে দলকে সামনে এগিয়ে নিলেন সতীর্থরা। একতরফা প্রথম দিনের পর ওভালের দ্বিতীয় দিনটায় মনে হয়, এটা টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বরের লড়াই। ব্যাটে-বলে লড়াই হলো তীব্র, লাগাম হাতবদল হলো কয়েকবার। ৫০০-র আশপাশে স্কোরের আশায় থাকা ইংল্যান্ড একসময় সাড়ে তিন শর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায়। ম্যাট প্রায়র ইংলিশদের এনে দিলেন ৩৮৫। দক্ষিণ আফ্রিকা ইনিংসের শুরুতেই আবার ইংল্যান্ডের আঘাত। জেমস অ্যান্ডারসনের দুর্দান্ত ইনসুইঙ্গারে আউট আলভিরো পিটারসেন। শুরুর সেই ধাক্কা সামলে দক্ষিণ আফ্রিকা স্মিথ-আমলার ব্যাটে দিনশেষে পেয়ে গেছে শক্ত একটা ভিত্তি। আমলা নিজের মতোই খেলেছেন চোখজুড়ানো কিছু শট। শততম টেস্টে সেঞ্চুরির প্রত্যাশায় আজকের দিন শুরু করবেন স্মিথ। সকাল থেকে প্রোটিয়াদের শরীরী ভাষাই ছিল অন্য রকম। স্টেইন গতি ও সুইং আর ফিল্যান্ডারের সুইং ও নিয়ন্ত্রণে হাঁসফাঁস করতে থাকে ইংলিশ ব্যাটসম্যানরা। প্রথম ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ওঠে ৬ রান! আগের দিনের সঙ্গে মাত্র ১ যোগ করতে পারেন অ্যালিস্টার কুক। রবি বোপারার টেস্ট প্রত্যাবর্তন স্টেইন ভরিয়ে দিলেন শূন্যের বিষাদে। সঙ্গে ক্যালিস-ফিল্যান্ডারও শিকারে যোগ দিলে লাঞ্চের আগেই ৪ উইকেট হারায় ইংলিশরা। তবে গত কিছুদিনে টেস্টের সেরা সাত নম্বর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা প্রায়রের ব্যাট আবারও চওড়া। সোয়ান-ব্রডদের নিয়ে খেলেছেন ৬০ রানের দুর্দান্ত এক ইনিংস। প্রায়রসহ শেষ দুটি উইকেট নিয়েছেন মরনে মরকেল। এই সফর শুরু হয়েছিল তাঁর দুঃস্বপ্নের মতো। সমারসেটের তরুণ এক দলের বিপক্ষে ১৪ ওভারে ৯০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য! ৪ উইকেট নিয়ে সেই মরকেলই দলের সেরা বোলার! ওয়েবসাইট।