অবশেষে জয়ের দেখা পেল স্পেন

আবারও দেখা গেল সেই পুরোনো স্পেনকে। গোলের দেখা পেলেন স্প্যানিশ স্ট্রাইকরাররা। অস্ট্রেলিয়ার জালে এক-দুইবার নয়, তিনবার বল জড়ালেন ভিয়া-তোরেসরা। কিন্তু সবকিছুই যে হলো অনেক দেরিতে। প্রথম দুইটি ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়ার পর।
অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ পাওয়ার কিছুই ছিল না স্পেনের। কিন্তু হারানোর ছিল অনেক কিছু। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা প্রথম দুইটি ম্যাচ হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে, এমন ঘটনা বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথম ঘটেছে। আজ হারলে টানা তিনটি ম্যাচ হারের লজ্জাজনক রেকর্ডই সঙ্গী হতো লা রোজাদের। কিন্তু শেষপর্যন্ত যে তেমনটা হয়নি, সেটা ভেবেই হয়তো কিছুটা স্বস্তি খুঁজতে পারেন স্পেনের সমর্থকেরা।
এবারের বিশ্বকাপে প্রধান স্ট্রাইকার হিসেবে ডিয়েগো কস্তাকেই বেছে নিয়েছিলেন কোচ ভিসেন্তে ডেল বস্ক। ডাগআউটেই বসে থাকতে হয়েছে ডেভিড ভিয়াকে। আজ সুযোগ পেয়েই নিজের সক্ষমতা আরেকবার প্রমাণ করেছেন ৩২ বছর বয়সী এই স্প্যানিশ স্ট্রাইকার। ৩৬ মিনিটের মাথায় ইনিয়েস্তার পাস থেকে বল পেয়ে ব্যাকহিল করে সেটা জড়িয়েছেন।
দ্বিতীয়ার্ধে, ৬৯ মিনিটে স্পেনের পক্ষে দ্বিতীয় গোলটি করেছেন আরেক অভিজ্ঞ স্ট্রাইকার ফার্নান্দো তোরেস। ৮২ মিনিটে অস্ট্রেলিয়ার জালে আরও একবার বল জড়িয়েছেন ভিয়ার বদলি হিসেবে নামা হুয়ান মাতা।
ডেভিড ভিয়ার গোলটি দেখুন থ্রিডিতে
স্পেনের তোরেসের গোলটি দেখুন থ্রিডিতে