টুকরো টুকরো ছবিগুলো অবশেষে জোড়া দিতে পারল ওয়েস্ট ইন্ডিজ। এক সুতোয় গাঁথতে পারল আগের তিন ম্যাচের বিচ্ছিন্ন ভালো পারফরম্যান্সগুলো। জয়ের দেখাও তাই মিলল। প্রথম তিন ম্যাচেই সিরিজ হারা সম্পন্ন করার পর চতুর্থ ম্যাচে জিতল ১০৩ রানের বড় ব্যবধানে।সাত ওয়ানডে পর ভারতকে হারাতে পারল উইন্ডিজ। ড্যারেন স্যামি জানালেন, লক্ষ্য এখন পাকিস্তান সিরিজের পুনরাবৃত্তি। সর্বশেষ সিরিজেই পাকিস্তানের বিপক্ষে প্রথম তিন ম্যাচ হেরে শেষ দুটি জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।উইন্ডিজের শুরুটা অবশ্য এদিনও পুরোনো গল্পের পুনরাবৃত্তির সম্ভাবনাই জাগিয়েছিল। লেন্ডল সিমন্স ফিফটি (৬৭) পেয়েছেন, কিন্তু ২৭তম ওভারে যখন আউট হলেন, স্কোরবোর্ডে ৫ উইকেটে ১০৩। এর পরও ২৪৯ হয়েছে কাইরন পোলার্ড স্বরূপে দেখা দেওয়ায়। আগের ৪ ইনিংসে দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ পোলার্ড করেছেন ৭২ বলে ৭০। ষষ্ঠ উইকেটে বাফের (৩৯) সঙ্গে গড়েছেন ৯৬ রানের জুটি। শেষ দিকে ১৪ বলে ২৫ রানের ‘ছোট্ট ঝড়’-এ আবারও প্রমাণ দিয়েছে আন্দ্রে রাসেলের অলরাউন্ড সম্ভাবনার।পার্থিব প্যাটেলের ওপেনিং সঙ্গী মনোজ তিওয়ারি অভিষেকের তিন বছর পর খেলতে নেমেছিলেন দ্বিতীয় ওয়ানডে। নার্ভাসনেসটা বুঝিয়ে দিয়েছেন প্রতিটি মুহূর্তেই (১৭ বলে ২)। তিওয়ারিকে আউট করেছেন স্যামি, পরে অসাধারণ এক ফিরতি ক্যাচে প্যাটেলকেও। অধিনায়কের পারফরম্যান্সই যেন জাগিয়ে তোলে রাসেল-মার্টিনকেও। ‘ভূমিকা’ রেখেছেন ভারতীয় ব্যাটসম্যানরাও। আগের তিন ম্যাচেই অপরাজিত (৬৮*, ৭* ও ৮৬*) রোহিত শর্মাও আউট হয়েছেন ভুল সময়ে উড়িয়ে মারতে গিয়ে। ইনিংসের সর্বোচ্চ রান তাঁরই, তবে সেটি মাত্র ৩৯। ৩৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ-সেরা লেগ স্পিনার অ্যান্থনি মার্টিন, ১৬ রানে ৩ উইকেট রাসেলের। আগামীকাল সিরিজের শেষ ম্যাচ হবে জ্যামাইকায়। ওয়েবসাইট।