অবশেষে জিতল নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্যাফ ডু প্লেসিসের মতো হতে পারলেন না অ্যাঞ্জেলো ম্যাথুস। শ্রীলঙ্কাও পারল না হার বাঁচাতে। কাল কলম্বোর পি সারা ওভালে নিউজিল্যান্ড ১৬৭ রানে হারিয়েছে স্বাগতিকদের। কিউইদের কাছে দেশের মাটিতে ১৪ বছর পর হারল লঙ্কানরা। এই জয়ে ২ ম্যাচের সিরিজটাও ১-১-এ ড্র করল রস টেলরের দল। স্মরণীয় এই জয়ে হারের একটি বৃত্ত থেকে বেরোল নিউজিল্যান্ড। এই ম্যাচের আগে খেলা সর্বশেষ পাঁচ টেস্টেই হেরেছিল দলটি। নিউজিল্যান্ড যে হারের ‘ডাবল হ্যাটট্রিক’ করছে না, সেটি প্রায় নিশ্চিত হয়েছিল ম্যাচের চতুর্থ দিনেই। ৩৬৩ রানের লক্ষ্যে ছোটা শ্রীলঙ্কার প্রথম ৪ উইকেট ৪৬ রানেই তুলে নিয়ে কাজটি এগিয়ে রেখেছিলেন কিউই বোলাররা। কাল দিনের শুরুতেই থিলান সামারাবীরাকে রানআউট করে জয়ের আরও কাছে পৌঁছায় নিউজিল্যান্ড। এরপরই প্রসন্ন জয়াবর্ধনেকে নিয়ে ম্যাথুসের প্রতিরোধপর্ব। কিউই বোলারদের হতাশ করে ৩৫.৩ ওভারে ৫৬ রানের জুটি গড়েন এঁরা। ১০৮ বলে ২৯ করে প্রসন্নর বিদায়ের পর ম্যাচ বাঁচানোর চেষ্টাটা একাই করেছেন ম্যাথুস। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ২২৮ বলে ৮৪ রান করেছেন এই অলরাউন্ডার। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া পেসার টিম সাউদি দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৩ উইকেট। ৩ উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্টও। তবে ম্যান অব দ্য ম্যাচ দুই ইনিংসে ১৪২ ও ৭৪ রান করা অধিনায়ক রস টেলর। ওয়েবসাইট।