অবশেষে জিতলেন পিস্টোরিয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদায়ের সুর বাজছিল লন্ডনে, প্যারালিম্পিক যে শেষের পথে! গতকালই সাঙ্গ হয়ে গেছে সব আয়োজন, ১১ দিনব্যাপী উৎসবও শেষ। অলিম্পিকের মতো প্যারালিম্পিককে নিয়ে সেই অর্থে অতটা ডামাডোল ছিল না বটে, তবে ১৬৫টি দেশের ৪২০০ জন পঙ্গু অ্যাথলেটের মিলনমেলাকে নিয়ে আগ্রহের কমতিও ছিল না। শেষ প্রহরটা অবশ্য স্মরণীয় করে রাখলেন উৎসবের সবচেয়ে বড় তারকাই। ৪০০ মিটারে (টি৪৪) প্রত্যাশা অনুযায়ী সোনা জিতে নিজের মানও রাখলেন অস্কার পিস্টোরিয়াস। বেইজিং অলিম্পিকে ১০০, ২০০, ৪০০ মিটারে জেতার পর লন্ডনে তাঁকে নিয়ে প্রত্যাশাটা ছিল আকাশছোঁয়া। কিন্তু লন্ডনে ১০০ ও ২০০ মিটারে হারার পর আশঙ্কার একটা মেঘ কি পিস্টোরিয়াসের মনের কোণে জমেনি? দলীয় রিলেতে সোনা জিতেছিলেন বটে, কিন্তু ব্যক্তিগত সোনার ঝুলিটা যে ফাঁকাই ছিল। সেই আশঙ্কাটা তুড়ি মেরেই উড়িয়ে দিলেন, ৪৬.৬৮ সেকেন্ড সময় করে অনায়াসেই জিতলেন ৪০০ মিটার। অনায়াসেই বলতে হবে, কারণ এই ইভেন্টে যে ৫০ সেকেন্ডের নিচেই আর কেউ দৌড়াতে পারেননি। দর্শকদের তুমুল হর্ষধ্বনির পর ব্রিটেনের চ্যানেল ফোরকে দেওয়া সাক্ষাৎকারে তাই পিস্টোরিয়াসের উল্লাসটা টের পাওয়াই যায়, ‘আমার কাছে এটা ছিল বিশেষ কিছু। এই মৌসুমের শেষ দৌড় ছিল এটা, এ প্রতিযোগিতার শেষ ইভেন্টও। আসলেই এটা স্পেশাল।’ এএফপি।