অবশেষে জ্বললেন মরিসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমে মোহামেডানের জার্সি গায়ে লিগে সর্বোচ্চ ১২ গোল করেছেন।সেই ওসেই মরিসন এবার আবাহনীর হয়ে ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপে তেমন কিছুই করতে পারেননি। প্রিমিয়ার লিগেও অনেকটা নিষ্প্রভ। আবাহনীর ২৬ ম্যাচে ঘানাইয়ান স্ট্রা​ইকারের ​গোল মাত্র ১২টি। অবশেষে কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে জ্বললেন মরিসন।হ্যাটট্রিক করেছেন এদিন, শেখ রাসেলের বিপক্ষে আবাহনীর জয়টাও বিশাল (৫-২)। চলতি লিগে এটি শেখ রাসেলের সবচেয়ে বড় হার। কোনো টুর্নামেন্টেই তারা লড়াইয়ে নেই।

আবাহনীও মৌসুমের তিনটি শিরোপার একটিও পায়নি।সর্বশেষ চ্যাম্পিয়ন ২০১১ সালে। এবার দুই ম্যাচ বাকি থাকতেই শিরোপা ঘরে তুলেছে শেখ জামাল। রানার্সআপ হতে এখন মুক্তিযোদ্ধার সঙ্গে লড়ছে আবাহনী। কালকের জয়ে অবশ্য অনেকটা এগিয়েই গেল অমলেশ সেনের দল। পরের দুই ম্যাচে মুক্তিযোদ্ধা জিতলে এবং আবাহনী একমাত্র ম্যাচে হারলে দুই দলের পয়েন্ট হবে সমান। সে ক্ষেত্রে গোলগড়ে এগিয়ে থাকা দলটিই হবে রানার্সআপ। এখন পর্যন্ত গোলগড়ে দুদলই সমান। আবাহনীর পয়েন্ট ২৬ ম্যাচে ৪৯। ২৫ ম্যাচে মুক্তিযোদ্ধার ৪৩। গতবারের চ্যাম্পিয়ন শেখ রাসেলের ২৬ ম্যাচে ৩২।

শেখ রাসেল কাল খেলেছে স্থানীয়দের নিয়ে। দুর্বল রক্ষণে তাই বারবার ঢুকে পড়েছেন মরিসন। ১০ মিনিটে ইব্রাহিমের ক্রসে হেডে এগিয়ে নেন আবাহনীকে। ৩৮ মিনিটে ব্যবধান করলেন দ্বিগুণ, ৬০ মিনিটে হ্যাটট্রিক পূরণ হয়। চলতি লিগে এটি ১৪তম হ্যাটট্রিক, মরিসনের প্রথম। আবাহনীর অন্য দুটি গোল ইব্রাহিম ও শাহেদের। শেখ রাসেলের গোলদাতা শাকিল ও সোহেল রানা।

চট্টগ্রাম আবাহনীর জয়: চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে কাল ওসমানের একমাত্র গোলে বিজেএমসিকে হারাল চট্টগ্রাম আবাহনী। এই জয়ে অবনমনের শঙ্কা পুরোপুরিই দূর চট্টগ্রামের দলটির। হেরে যাওয়ায় সেরা ছয় দলে থাকা কঠিন হয়ে গেল বিজেএমসির। সেরা ছয় দল সুযোগ পাবে সুপার কাপে।

২৬ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সাতে বিজেএমসি। আটে চট্টগ্রাম আবাহনী (২৫ পয়েন্ট)।