অবশেষে জ্বলে উঠলেন বুকোলা
দল তাঁর কাছে গোল চায়। কিন্তু লিগের ১১ ম্যাচ শেষে বুকোলা ওলালেকানের গোল ছিল মাত্র দুটি! ‘মনোযোগ দিয়ে খেলছে না’—এমন অভিযোগ তুলেছিলেন খোদ তাঁর কোচ। অবশেষে দলের প্রত্যাশা মেটাতে পারলেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। নিজেকে ফিরে পাওয়ার ম্যাচে করলেন হ্যাটট্রিক।আর এতে টানা তিন ড্রয়ের পর বাংলাদেশ লিগের প্রথম পর্ব জয় দিয়ে শেষ করতে পারল শিরোপাপ্রত্যাশী ঢাকা মোহামেডান। কাল চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে স্থানীয় মোহামেডানের বিপক্ষে জয়টা এল ৪-১ ব্যবধানে।বড় জয়ে স্বস্তি ফিরেছে মোহামেডানে। তবে অস্বস্তির কাঁটা এখনো চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর সঙ্গে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার ব্যাপারটা। কত দিনে তা ঘুচবে, বলা কঠিন। মোহামেডানের করার আছে একটাই, নিজেদের সব ম্যাচ জেতা, মুখোমুখি লড়াইয়ে আবাহনীকে হারানো এবং আবাহনীর পয়েন্ট হারানোর জন্য অপেক্ষা করা।মোহামেডানের জন্য ভালো খবর বুকোলার ফর্মে ফেরা। গত লিগে দুই হ্যাটট্রিকসহ সর্বোচ্চ ১৮ গোল করেছেন, এবার লিগের পঞ্চম আর দশম ম্যাচে দুই গোল করা ছাড়া নামের প্রতি মোটেও সুবিচার করতে পারছিলেন না। এ হ্যাটট্রিকটি তাই বুকোলাসহ মোহামেডানকেও দ্বিতীয় পর্বের লড়াইয়ে আত্মবিশ্বাস জোগাবে।বুকোলার স্বদেশি এমেকাও নিজেকে হারিয়ে খুঁজছিলেন। লিগের তৃতীয় ম্যাচে মুক্তিযোদ্ধার বিপক্ষে দুই গোল করার পর এত দিন তাঁরও কোনো গোল ছিল না। অথচ গতবার আবাহনীর জার্সি গায়ে করেছেন লিগের দ্বিতীয় সর্বোচ্চ ১৭ গোল। এই ম্যাচের আগ পর্যন্ত তাই মোহামেডানের কাঠগড়ায় ছিলেন এমেকাও। অবশেষে এমেকাও ঘুরে দাঁড়িয়েছেন। কাল তিনি নিজে এক গোল করেছেন, বুকোলাকে দিয়ে করিয়েছেন দুটি। বুকোলা-এমেকা যুগলবন্দীই হলো কাল!ডেঙ্গু জ্বরে আক্রান্ত এমিলি টানা দ্বিতীয় ম্যাচ থাকলেন মাঠের বাইরে। বাড়তি দায়িত্ব নিতে হতো বুকোলা-এমেকাকে। ৪৬ মিনিটে জাহিদের পাসে প্লেসিং করে মোহামেডানকে এগিয়ে দেন এমেকা। তবে তিনি অফসাইডে ছিলেন বলে দাবি চট্টগ্রাম মোহামেডানের। এর পরই শুরু বুকোলা-ঝড়। ৫১, ৬৪ ও ৮১ মিনিটে তাঁর পা থেকে আসে তিন গোল। এবারের বাংলাদেশ লিগে এটি পঞ্চম হ্যাটট্রিক।আগের ম্যাচে চার গোল পাওয়া স্ট্রাইকার আকবর হোসেন ৮১ মিনিটে স্কোরলাইন ৪-১ করেন। তবে এতে কি আর সান্ত্বনা পায় স্থানীয় দর্শক! প্রথমার্ধে মোটামুটি ভালোই খেলা চট্টগ্রাম মোহামেডানকে দ্বিতীয়ার্ধে তারা মাঠেই খুঁজে পায়নি!পয়েন্ট: ১২ ম্যাচে আবাহনী ৩৪, মোহামেডান ৩০, শেখ রাসেল ২৭, ফেনী সকার ১৭, আরামবাগ ১৪, ব্রাদার্স ১৪, চট্টগ্রাম আবাহনী ১৪, ফরাশগঞ্জ ১৩, বিয়ানীবাজার ১২, রহমতগঞ্জ ১১, মুক্তিযোদ্ধা ১১, চট্ট. মোহামেডান ৯, শুকতারা ৭।ফিরতি পর্ব শুরু হবে ২৯ মার্চ।