অবশেষে জয় পেল পাকিস্তান
মোহাম্মদ আমির আর সাইদ আজমলের অসাধারণ বোলিংয়ে ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে মাত্র ২২২ রানেই গুটিয়ে দিয়েছিল পাকিস্তান। প্রথম ইনিংসে ৭৫ রানে এগিয়ে থাকায় পাকিস্তানের টার্গেট দাঁড়ায় মাত্র ১৪৮ রান। ইংল্যান্ড প্রথম ইনিংসে করে ২৩৩ আর পাকিস্তান করে ৩০৮ রান।টার্গেট ১৪৮ রান হওয়ায় জয়টা পাকিস্তানের জন্য মনে হচ্ছিল শুধু সময়ের ব্যাপার। কিন্তু দলটা পাকিস্তান বলেই বোধহয় এই সহজ টার্গেট তাড়া করে জয় তুলে আনতেও রীতিমতো ঘাম ঝড়াতে হলো ব্যাটসম্যানদের। অবশেষে পরপর দুটি টেস্ট হারার পর ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান।পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই আঘাত হানেন অ্যান্ডারসন। রানের খাতা না খুলেই সোয়ানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ইয়াসির হামিদ। এরপর বেশ দ্রুত গতিতে রান সংগ্রহ করতে থাকেন ইমরান ফারহাদ ও সালমান বাট। দলীয় ৫৭ রানের মাথায় ৩৯ বলে ৩৩ রান করে সোয়ানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ফারহাদ। তৃতীয় উইকেট জুটিতে ৪৬ রানের জুটি গড়েন সালমান বাট ও মোহাম্মদ ইউসুফ। দলীয় ১০৩ রানের মাথায় এই জুটি ভাঙেন সোয়ান। ৪৮ রান করে ফিরে যান অধিনায়ক সালমান বাট।লাঞ্চের পর দ্বিতীয় সেশনের শুরুতে দুর্ভাগ্যজনকভাবে রানআউট হন আজহার আলী। এরপর টানা ২ ওভারে অ্যান্ডারসন ও সোয়ান, মোহাম্মদ ইউসুফ ও কামরান আকমলকে ফিরিয়ে দিলে চাপের মুখে পড়ে যায় পাকিস্তান। ৩ উইকেটে ১১৫ রান থেকে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৩২ রান। শেষ পর্যন্ত আর কোনো উইকেট না হারিয়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন ওমর আকমল ও মোহম্মদ আমির।৪ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ এ এগিয়ে আছে ইংল্যান্ড। ২৬ আগস্ট থেকে লর্ডসে শুরু হবে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। ওয়েবসাইট