অবশেষে জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের অষ্টম গোলটি করার পর সতীর্থদের নিয়ে উল্লাসে মেতেছেন ড্যানি ওয়েলব্যাক (বামে)।
এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের অষ্টম গোলটি করার পর সতীর্থদের নিয়ে উল্লাসে মেতেছেন ড্যানি ওয়েলব্যাক (বামে)।

টানা তিন ম্যাচ হারের পর অবশেষে জয়ের ধারায় ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে সোয়ানসে সিটিকে ২-০ গোলে হারিয়েছে গতবারের শিরোপাজয়ীরা। দুই তারকা রবিন ফন পার্সি ও ওয়েইন রুনির অনুপস্থিতিতে ম্যানইউকে রক্ষা করেছেন অ্যান্টোনিও ভ্যালেন্সিয়া ও ড্যানি ওয়েলব্যাক।
গত সপ্তাহে এফএ কাপের ম্যাচে এই সোয়ানসে সিটির বিপক্ষেই ২-১ গোলে হেরে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগের যেন সেই হারেরই প্রতিশোধ নিলেন ডেভিড ময়েসের শিষ্যরা। তবে জয়টা খুব সহজও হয়নি ইংল্যান্ডের শীর্ষ সারির ক্লাবটির জন্য। পুরো ম্যাচে বেশির ভাগ সময় বলের দখল ছিল সোয়ানসের কাছেই। প্রথমার্ধে কোনো গোলেরও দেখা পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। তবে দ্বিতীয়ার্ধে রেড ডেভিলরা ফিরেছিল গোলের জন্য মরিয়া হয়ে। নিজেদের মাঠে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটির জন্য খুব বেশি অপেক্ষাও করতে হয়নি ম্যানইউ-সমর্থকদের। ৪৭ মিনিটেই সোয়ানসের জালে বল জড়িয়ে দিয়েছিলেন ভ্যালেন্সিয়া। ৫৯ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন ওয়েলব্যাক।
এ বছরের শুরু থেকেই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেয়েছে ইংল্যান্ডের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তবে টানা তিনটি ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেয়ে নিশ্চয়ই একটু হাসি ফুটেছে কোচ ডেভিড ময়েসের মুখে। ম্যাচ শেষে অবশ্য খুব বেশি উচ্ছ্বসিত অবস্থায় দেখা যায়নি তাঁকে। জয়টা কত গুরুত্বপূর্ণ ছিল, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ময়েসের নিরুত্তাপ উত্তর, ‘অন্য যেকোনো জয়ের মতোই। এখান থেকে তিনটা পয়েন্টই শুধু আপনি পেতে পারেন।’
ইংলিশ প্রিমিয়ার লিগের পরবর্তী ম্যাচে চেলসির মুখোমুখি হতে হবে ম্যানচেস্টার ইউনাইটেডকে। গুরুত্বপূর্ণ এ ম্যাচটির আগে যে একটা জয় রেড ডেভিলদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ ছিল, সেটা ময়েস না স্বীকার করলেও অনুমান করে নেওয়া যায়। সোয়ানসের বিপক্ষে জয়ের পাশাপাশি আরও একটা সুখবর শুনেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকেরা। ইনজুরি-সমস্যা কাটিয়ে চেলসির বিপক্ষেই মাঠে নামতে পারেন দলের তারকা ফরোয়ার্ড রুনি।