অবশেষে জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া
সিরিজ পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। অস্ট্রেলিয়ার কাছে আজকের ম্যাচটা ছিল সম্মান রক্ষার লড়াই। আর প্রথম দুই ওয়ানডেতে হারের পর তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে আট উইকেটে হারিয়ে আরও একবার হোয়াইটওয়াশের লজ্জা থেকে রেহাই পেল অসিরা।টানা সাত ম্যাচ হারের পর এই ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ের ভিত্তিটা তৈরি করে দিয়েছিল বোলাররাই। ক্লিন্ট ম্যাককে আর মিচেল স্টার্কের অসাধারণ বোলিংয়ে শ্রীলঙ্কাকে মাত্র ১১৫ রানেই গুটিয়ে দেয় অস্ট্রেলিয়া। উপল থারাঙ্গা আর চামারা সিলভা ছাড়া আর কোনো শ্রীলঙ্কান ব্যাটসম্যানই দুই অঙ্কের কোটা পূর্ণ করতে পারেননি। থারাঙ্গা ২৮ ও সিলভা করেন ৩৩ রান। শ্রীলঙ্কার স্কোরে তৃতীয় সর্বোচ্চ ২৫ রান এসেছে অতিরিক্তের খাত থেকে। অস্ট্রেলিয়ার পক্ষে ম্যাককে পাঁচটি ও ক্লার্ক নিয়েছেন চারটি উইকেট।১১৬ রানের সহজ টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে হেসে-খেলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অসিরা। দিলহারা ফার্নান্দোর বলে ১৫ রান করে ওয়াটসন ও ৩১ রান করে ব্রাড হাডিন ফিরে গেলেও এরপর আর কোনো উইকেট হারাতে হয়নি তাদের। পন্টিংয়ের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করা মাইকেল ক্লার্ক অর্ধশতক পূর্ণ করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। ৩৩ রানে পাঁচ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছেন ক্লিন্ট ম্যাককে।—ক্রিকইনফো