অবশেষে টি-টোয়েন্টির ব্যাটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুশীলন ম্যাচ। ‘যত পারো নিজেকে তৈরি করে নাও’—এই হলো মন্ত্র। এই মন্ত্রটা কাল ভালোই জপলেন ব্যাটসম্যানরা। স্থান—ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। উপলক্ষ—টি-টোয়েন্টি অনুশীলন ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে এটি ছিল দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ এবং অবশেষে তাতে রান-উৎসবই হয়েছে। রান পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দলে থাকা প্রায় সব ব্যাটসম্যানই। ১২ রানে জিতে প্রথম প্রস্তুতি ম্যাচে হারার প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ লাল দল।লাল দলের ব্যাটসম্যানদের প্রায় সবার ব্যাটেই ছিল টি-টোয়েন্টির আগ্রাসী ব্যাটিং। তামিম ইকবাল ৫৩ বলে খেলেছেন ৯০ রানের ঝোড়ো ইনিংস। যেভাবে ব্যাট করছিলেন, মনে হচ্ছিল সেঞ্চুরিও পেয়ে যাবেন। শাহাদাতের বলে যখন বোল্ড, তখনো ৭ বল বাকি ছিল লাল দলের। নয়টি চার ও লংঅন দিয়ে উড়িয়ে মেরেছেন তিনটি ছক্কা। ৫০ এসেছে ৩৬ বলে।টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন শাহরিয়ার নাফীস। শুরুটা ভালোই ছিল। শাহাদাতের প্রথম ওভারে ৩ রান। দ্বিতীয় ওভারে পেসার রবিউলের প্রথম দুই বলেই তামিমের চার। তখনই ইঙ্গিত মিলেছিল, আজ তামিম ঝড় তুলতে পারেন। একই রকম সম্ভাবনা ছিল সাকিব আল হাসানের ব্যাটেও। ২৬ বলে ৩৫ রান করেছেন চ্যাম্পিয়ন্স লিগ-ফেরত সাবেক অধিনায়ক। সাকিব-তামিম দ্বিতীয় উইকেটে ৭৫ রান তুলেছেন মাত্র ৪৮ বলে। লাল দল শেষ ১০ ওভারে তুলেছে ১০১। ২০ ওভার শেষে রান ১৭৯।প্রথম বলেই স্কয়ার লেগ দিয়ে চার—সবুজ দলের শুরুটা ভালোই করেছিলেন জুনায়েদ। পরের বলেই অবশ্য বোল্ড, বোলার শফিউল। তৃতীয় ওভারে শফিউল তুলে নেন শাহরিয়ার নাফীসকেও। আগের ম্যাচে ফিফটি করলেও সবুজ দলের অধিনায়ক কাল করলেন মাত্র ২ রান।জ্বরের কারণে আগের ম্যাচে মাঠের বাইরে থাকা মোহাম্মদ আশরাফুল শুরু করেছিলেন দেখেশুনে। প্রথম ৯ বলে তাঁর ব্যাটে মাত্র ৩ রান এলেও শেষ পর্যন্ত ৩৬ বলে ৫১। ইলিয়াস সানিকে রিভার্স সুইপ করতে গিয়ে থার্ডম্যানে ক্যাচ দিয়ে আউট। একটি ছক্কা ও পাঁচটি বাউন্ডারি আশরাফুলের। অলক কাপালি ৩৫ বলে ৫৫। তিনটি করে ছয়-চার। নাঈম ইসলামকে মিড উইকেট দিয়ে মারা ছক্কাটি ছিল দেখার মতো।জাতীয় দলে থাকা প্রায় সবাই রান পেয়েছেন। খেলা শেষে আশরাফুল এটাকেই বড় অর্জন বললেন প্রস্তুতি ম্যাচের, ‘সবাই রান পেয়েছে। এটা আমাদের আত্মবিশ্বাস বাড়াবে।’সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ লাল: ২০ ওভারে ১৭৯/৪ (তামিম ৯০, ইমরুল ১৮, সাকিব ৩৫, মুশফিক ১৭, মাহমুদউল্লাহ ৯*, নাঈম ১*। বোলিং: শাহাদাত ৪-০-২৪-২, রবিউল ৩-০-৩০-০, আলাউদ্দিন বাবু ৪-০-৩২-১, আশরাফুল ২-০-১৯-০, নূর হোসেন ২-০-১১-০, সোহরাওয়ার্দী ২-০-৩০-০, অলক ৩-০-২৯-১)। বাংলাদেশ সবুজ: ২০ ওভারে ১৬৭/৭ (জুনায়েদ ৪, রকিবুল ১৯, শাহরিয়ার ২, আশরাফুল ৫১, অলক ৫৫, শুভাগত ৯, মমিনুল ০, আলাউদ্দিন ১৩*, সোহরাওয়ার্দী ১*। বোলিং: শফিউল ৪-০-৩১-২, নাজমুল ৩-০-২২-০, সাকিব ৪-০-৩২-১, রাজ্জাক ৪-০-৩২-১, ইলিয়াস ৪-০-৩৫-৩, নাঈম ১-০-১১-০)। ফল: বাংলাদেশ লাল ১২ রানে জয়ী।