অবশেষে টেস্ট হচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল সন্ধ্যা পর্যন্তও সংশয়মিশ্রিত প্রশ্নটি ঘুরে ফিরছিল বাতাসে—জিম্বাবুয়ে-পাকিস্তানের টেস্ট সিরিজটা শেষ পর্যন্ত মাঠে গড়াবে তো? অবশেষে শঙ্কার মেঘ উড়ে গেছে। বোর্ডের সঙ্গে আপসরফা শেষে সিরিজ বর্জনের হুমকি থেকে সরে এসে জিম্বাবুইয়ান ক্রিকেটাররা টেস্ট খেলতে রাজি হয়েছেন। ফলে আজ প্রথম টেস্ট শুরু হওয়ার পথে আর কোনো বাধা নেই।
বকেয়া বেতন-ভাতা পাওয়ার দাবিতে জিম্বাবুয়ের ক্রিকেটাররা প্রথমে পাকিস্তানের পুরো সিরিজই বর্জন করতে চেয়েছিলেন। কিন্তু নিজেদের অবস্থান থেকে সরে এসে টি-টোয়েন্টি সিরিজ ও প্রথম দুটি ওয়ানডে খেললেও সিরিজ নির্ধারণী শেষ ম্যাচটা খেলবেন না বলে হুমকি দেন তাঁরা। তাতেও কর্ণপাত করেননি জিম্বাবুয়ের বোর্ড কর্তারা। ক্রিকেটাররা শেষ ওয়ানডেটাও খেলেছেন। কিন্তু বোর্ডকে ফের কাল পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন ক্রিকেটাররা। এর মধ্যে পাওনা পরিশোধ না করা হলে টেস্ট বর্জন করা হবে বলে দিয়েছিলেন হুমকি।
বকেয়া এখনো পরিশোধ করেনি বোর্ড। তবে প্রতিশ্রুতি দিয়েছে, দ্বিতীয় টেস্টের আগেই পরিশোধ করা হবে। সিরিজ বয়কটের হুমকি তুলে নেওয়ার পর অধিনায়ক ব্রেন্ডন টেলরই ইএসপিএনকে বলেছেন বোর্ডের প্রতিশ্রুতি পেয়েই খেলতে রাজি হয়েছেন তাঁরা। অবশ্য বোর্ডের এই প্রতিশ্রুতি বাকি সবাইকে রাজি করাতে পারলেও একজনের মন গলাতে পারেনি—শন উইলিয়ামস। এই মিডলঅর্ডার ব্যাটসম্যান তাই খেলছেন না প্রথম টেস্টে। গতকাল তিনি দলের সঙ্গে অনুশীলনও করেননি। অনুশীলন করেননি আরও একজন—টেলর। অনুশীলন ফেলে অধিনায়ক ছুটে গিয়েছিলেন সন্তানসম্ভবা স্ত্রীর পাশে। সন্তান কাল দুনিয়ায় এসে থাকুক বা আসুক দুই দিন পর, প্রথম টেস্টে টেলরের খেলা নিয়েও আছে অনিশ্চয়তা। এই প্রতিবেদন লেখার সময়ও জিম্বাবুয়ের দল ঘোষণা করা হয়নি!
এই যখন পরিস্থিতি, পাকিস্তানের মতো দলের বিপক্ষে মাঠে নেমে জিম্বাবুইয়ানরা কতটা কী করতে পারেন, সেটাই দেখার। ওদিকে পাকিস্তান কিন্তু টেস্ট হবে ধরে নিয়েই প্রস্তুতি নিয়েছে। ২০১১ সালে একমাত্র টেস্টে জিম্বাবুইয়ানরা ঘাম ঝরিয়ে ছেড়েছিল পাকিস্তানিদের। সেটা মাথায় রেখে পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক এবার আগে থেকেই সতর্ক, ‘অবশ্যই আমাদের সেরা খেলাটা খেলতে হবে।’ ওয়েবসাইট।