অবশেষে তাঁরা ফিরলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিকটেনস্টেইনের বিপক্ষে স্পেনের একাদশ দেখে নিশ্চয়ই নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছিল রয় হজসনের! লিভারপুল কোচ স্পেন কোচ ভিসেন্তে দেল বস্কের কাছে খুব করে অনুরোধ করেছিলেন, ফার্নান্দো তোরেসকে যেন না খেলানো হয়। দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে তোরেসকে না খেলালেও জিতবে স্পেন, কিন্তু হজসনের আশঙ্কা ছিল, ইনজুরিপ্রবণ স্ট্রাইকার আবার না চোট পান। সেই হজসনই এখন হয়তো অভিনন্দনবার্তা পাঠাবেন দেল বস্ককে। মাঠে নামানো হলো বলেই না এমন ফর্মে ফিরলেন তোরেস!তোরেসের মতো ফিরেছেন রুড ফন নিস্টলরয় ও ওয়েইন রুনিও। দুই বছর পর অবসর থেকে ফিরে প্রথম ম্যাচেই গোল পেয়েছেন নিস্টলরয়। রুনি গোল পাননি, তবে অনেক দিন পর খেলেছেন নিজের মতো। ইঙ্গিত দিয়েছেন দুঃসময়কে পেছনে ফেলার।লিভারপুলের ম্যাচে চোট পেয়েই বিশ্বকাপটা শঙ্কায় পড়ে গিয়েছিল তোরেসের। চোট কাটিয়ে বিশ্বকাপ খেলেছেন, কিন্তু ছিলেন নিজের ছায়া হয়ে। দেল বস্ক তবু আস্থা হারাননি তোরেসের ওপর, প্রতিটি ম্যাচেই খেলিয়েছেন। প্রবল সমালোচনার মুখে একপর্যায়ে ধৈর্য হারান দেল বস্কও, সেমিফাইনাল ও ফাইনালে তাই সেরা একাদশে জায়গা হয়নি তোরেসের। কাল আবার তোরেসকে সেরা একাদশে নামালেন দেল বস্ক, এবার আর নিরাশ করেননি ‘এল নিনো’। ১৮ মিনিটে দলকে এগিয়ে দিয়েছিলেন, ব্যবধান দ্বিগুণ করেন ৫৪ মিনিটে। এই দুই গোলে ২৬ গোল নিয়ে এমিলি বুত্রাগুয়েনোর সঙ্গে স্পেনের পঞ্চম সর্বোচ্চ গোলদাতা এখন তোরেস। ৫৭ মিনিটে তুলে না নিলে হয়তো হ্যাটট্রিকও করে ফেলতে পারতেন!তোরেস না পারলেও রুনি কিন্তু ঠিকই ‘হ্যাটট্রিক’ করেছেন। তবে গোলের নয়, পাসের। জার্মেইন ডিফোর করা তিনটি গোলই হয়েছে রুনির পাসে। বুলগেরিয়ার বিপক্ষে ইংল্যান্ডের চতুর্থ গোলটিতেও আছে রুনির অবদান। তোরেসের মতো রুনিরও বিশ্বকাপটা কেটেছে হতাশায়। ৪৪ বছর পর শিরোপা জয়ের স্বপ্নে ইংল্যান্ডের সবচেয়ে বড় ভরসা ছিলেন, কিন্তু দক্ষিণ আফ্রিকায় খুঁজেই পাওয়া যায়নি রুনিকে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্লাব মৌসুমের শুরুটাও ভালো হয়নি। তবে ওয়েম্বলিতে পরশু ইঙ্গিত দিলেন দুঃসময় পেছনে ফেলার। একটু বেশি স্বাধীনতা দেওয়ার জন্য, নিজের মতো করে খেলার জন্য পরশু রুনিকে একটু নিচে খেলিয়েছেন কোচ ফ্যাবিও ক্যাপেলো। এই স্বাধীনতাই ফিরিয়ে আনল পুরোনো রুনিকে। ডিফোর হ্যাটট্রিক ছাপিয়ে ইংল্যান্ডের ফুটবল মহলে আলোচনায় এখন রুনির ফর্মে ফেরা।হল্যান্ডেও যেমন ইয়ান-ক্লাস হান্টেলারের তিন গোলকে ছাপিয়ে গেছে নিস্টলরয়ের এক গোল। ২০০৮ সালের ৪ আগস্ট জাতীয় দলকে বিদায় জানিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের আগে আবার ঘোষণা দেন আন্তর্জাতিক ফুটবলে ফেরার। বিশ্বকাপ দলে অবশ্য ঠাঁই হয়নি। কিন্তু আন্তর্জাতিক ক্যারিয়ারের পুনর্জন্ম ঘটানোর সুযোগটা পেয়ে গেলেন বিশ্বকাপের পর দলের প্রথম ম্যাচেই। সান মারিনোর বিপক্ষে মাঠে নেমেছিলেন ৬৭ মিনিটে নাইজেল ডি ইয়ংয়ের বদলে, ইনজুরি সময়ে গোল করে বুঝিয়ে দিলেন ৩৪ বছর বয়সে ফেরার সিদ্ধান্ত নিয়ে ভুল করেননি। ৩৪ গোল নিয়ে হল্যান্ডের সর্বকালের সেরা গোলদাতার তালিকায় নিস্টলরয় এখন চারে, শীর্ষে থাকা প্যাট্রিক ক্লাইভার্টকে (৪০) ছোঁয়াও এখন মনে হচ্ছে সময়ের ব্যাপার।