অবশেষে তারা জ্বলল
১৬ ম্যাচে মাত্র ২৫ গোল! এবারের কোপা আমেরিকা শুরুই হয়েছিল গোলখরা দিয়ে। যে গোলখরা চলেছে টুর্নামেন্টের প্রায় মাঝপথ পর্যন্ত। শেষ পর্যন্ত দর্শক মাঠে গোলই দেখতে যায়। সেই গোল যেন সোনার হরিণ হয়ে উঠল। খেলায় লাতিন জাদুর ছোঁয়াও ছিল একেবারেই উধাও। এই হতাশা থেকে উদ্ধারের পথ ছিল একটাই—তারকাদের জ্বলে ওঠা।শেষ পর্যন্ত তাঁরা জ্বলে উঠেছেন বলে আলোছায়া থেকে কোপা আলোতে ফিরল। গ্রুপ পর্বের শেষ দিনের দুই ম্যাচেই হলো ১২ গোল। ব্রাজিল-ইকুয়েডর ম্যাচে ৬টি, এর আগে প্যারাগুয়ে-ভেনেজুয়েলা ম্যাচেও তা-ই। তারকারাও দেখা দিয়েছেন স্বমহিমায়। কোস্টারিকার বিপক্ষে জ্বলে উঠলেন লিওনেল মেসি। ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের তিন তারকা—রবিনহো, পাতো, নেইমার। পাতো-নেইমার করেছেন জোড়া গোল। রেফারি আর ক্রসবার বাদ না সাধলে জোড়া গোলের দেখা পেতেন রবিনহোও।প্রথম দিকে গোলখরার মধ্যেও ব্যতিক্রম ছিল ব্রাজিল-প্যারাগুয়ে ম্যাচ। গোল হয়েছে ৪টি। খেলার মান নিয়ে প্রশ্ন থাকলেও সমাপ্তিটা হয়েছে খুব রোমাঞ্চকর। প্যারাগুয়ের বিপক্ষে হারতে হারতে ব্রাজিল শেষ পর্যন্ত ড্র করেছে ম্যাচের অন্তিম লগ্নে ফ্রেডের গোলের সৌজন্যে। মেক্সিকোর বিপক্ষেও চিলি ২-১ গোলে জিতেছে পিছিয়ে পড়ে। পুঁচকে ইকুয়েডরও শেষ ম্যাচে দুবার পিছিয়ে পড়ে দুবারই সমতা ফিরিয়ে চোখ রাঙাচ্ছিল ব্রাজিলকে। সবচেয়ে বড় নাটকটা হলো ভেনেজুয়েলা-প্যারাগুয়ে ম্যাচে। ৮৮ মিনিট পর্যন্ত ৩-১ গোলে এগিয়ে ছিল প্যারাগুয়ে। তাদের জয় যখন মনে হচ্ছিল সময়ের ব্যাপার, সেই সময় চার মিনিটের মধ্যে দুই গোল শোধ। ড্র নিয়েই মাঠ ছাড়ে হুগো চাভেজের দেশ।তবে এর সবই ওয়ার্মআপ। আজ নকআউট পর্ব থেকে শুরু হচ্ছে আসল উত্তেজনা। মেসি-আলভেজরা যেটাকে বলছেন, ‘শুরু হচ্ছে নতুন কোপা।’ আর উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ সবাইকে মনে করিয়ে দিচ্ছেন এই বলে, ‘এখানে মারো নয় মরোই মূলনীতি।’আর্জেন্টিনা তাদের কষ্টের ধন ছন্দটা ধরে রাখতে পারবে কি না, সেটি সময়ই বলে দেবে। সময়ের মুঠোতেই যেমন লুকিয়ে আছে এই প্রশ্নের উত্তর—ব্রাজিল পুরো ছন্দে ফিরতে পারবে কি না। ৪-২ গোলে জিতলেও খোদ মানো মেনেজেসই গত ম্যাচের শেষে বলেছিলেন, উন্নতির জায়গা আছে অনেক। ব্রাজিল ঠিক তাদের মন ভরানো ফুটবলও আসলে খেলেনি সেদিন।মেনেজেস অবশ্য দলের ব্যাপার নিয়ে সংবাদমাধ্যমের চেয়ে দলের ভেতরেই কথা বলতে বেশি আগ্রহী, ‘আমি দলের ভেতরেই কথা বলতে পছন্দ করি। ফুটবলের সবাই জানে, ভেতরে কথা বললেই সেটা ভালো ফল বয়ে আনে, বাইরে কথা বললে সেটা আপনাদের (সাংবাদিকদের) বেশি উপকারে আসে, প্রতিক্রিয়া, শিরোনাম তৈরি করা যায়।’মেনেজেস কথা না বললেও কথার লড়াইও কিন্তু জমে উঠবে বেশ। রয়টার্স।