অবশেষে দুজনের দুটি পথ...
২০০৩ সালের নভেম্বরে বাগদান হয়েছিল তাঁদের। ছয় বছর পর আরেকটি নভেম্বর ওলটপালট করে দিয়েছে সব। গত নভেম্বরে টাইগার উডসের বাড়ির সামনে গাড়ি দুর্ঘটনার রেশ ধরে বেরিয়ে এসেছিল তাঁর কলঙ্কিত এক জীবনের ছবি। যে জীবনে স্ত্রীর অগোচরে জড়িয়ে পড়েছিলেন অসংখ্য অবৈধ সম্পর্কে। গত নয় মাসের টানাপোড়েন শেষে পরশু আনুষ্ঠানিকভাবে এলিনের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল উডসের।সোমবার ফ্লোরিডার একটি আদালতে মাত্র ১০ মিনিটেই সম্পন্ন হলো আনুষ্ঠানিকতা। এরপর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের খবর জানানো হলো যুক্ত বিবৃতিতেই, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের বিয়ের সম্পর্ক শেষ। ভবিষ্যতের জন্য আমরা দুজনের দুজনকে শুভকামনা জানাচ্ছি। আমরা আর বিয়ের সম্পর্কে জড়িয়ে নেই ঠিকই, কিন্তু আমরা দুজনই দুটি চমৎকার সন্তানের অভিভাবক। তাদের সুখ-স্বাচ্ছন্দ্যই আমাদের দুজনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ওই বিবৃতিতেই জানানো হয়েছে, তিন বছর বয়সী মেয়ে স্যাম আর এক বছর বয়সী ছেলে চার্লি দুজনের অভিভাবকত্ব ভাগাভাগি করে নেবেন উডস আর এলিন। তবে এই বিচ্ছেদের মূল্য হিসেবে উডসকে ঠিক কত টাকা দিতে হয়েছে, সেটি জানা যায়নি। মার্কিন সংবাদমাধ্যমের অনুমানও অন্ধকারে ঢিল ছোড়ার মতো—১০ কোটি থেকে ৫০ কোটি ডলার। পুরোটাই অবশ্য এলিন নগদ অর্থে পাবেন না। উডসের বেশ কয়েকটি বাড়ির মালিকানা এবং স্থাবর সম্পত্তির একটা অংশ চলে যাবে ৩০ বছর বয়সী এলিনের কাছে।আর্থিক দিকটার চেয়েও এই বিচ্ছেদের মানবিক দিকটাই বেশি করে দেখা হচ্ছে। যুক্ত বিবৃতিতে দুজনই স্বীকার করেছেন, এই বিচ্ছেদের নেতিবাচক প্রভাব দুই অবোধ শিশুর ওপর পড়তে পারে, ‘সামনের দিনগুলো তাদের জন্য কঠিনই হবে। কারণ, তারা নতুন ধরনের পারিবারিক পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে।’ তবে উডস তাঁর ওয়েবসাইটে আলাদা বিবৃতি দিয়ে জানিয়েছেন, বিয়েটা ঠেকানোর সর্বাত্মক চেষ্টাই তিনি করেছেন, ‘আমি যে ক্ষতি করেছি, সেটি পুষিয়ে নেওয়ার কোনো উপায়ই হয়তো ছিল না। তবে আমি আমার সবটুকু ঢেলে দিয়েই চেষ্টা করেছি।’যুক্ত বিবৃতিতে এই দুজনের ব্যক্তিগত জীবনের গোপনীয়তার প্রতি সংবাদমাধ্যমকে শ্রদ্ধাশীল হওয়ার অনুরোধও জানানো হয়েছে। বিশেষ করে, উডস নিজে মনে করেন, তাঁর জীবনের এই পরিণতির জন্য অংশত মিডিয়ার উন্মত্ত আচরণও দায়ী, ‘আমার বাড়ি, হোটেলের সামনে আগে কখনোই পাপারাজ্জিদের ক্যাম্প ছিল না। মাথার ওপর সব সময় হেলিকপ্টারও চক্কর দেয়নি। অথচ একটা সময় প্রতিনিয়ত এই পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হয়েছে আমাকে। আমার বাচ্চারা যেখানেই যাচ্ছিল, ওরা সেখানেই তাদের পিছু পিছু গিয়েছে। আমরা যা করছি, প্রতিটা মুহূর্তের ছবি তোলা হয়েছে। এই জীবনের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন।’বিয়েটা টিকবে না, সেটি আগেই অনুমান করা হচ্ছিল। সেই অর্থে এই খবর বড় কোনো চমক নয়। তবে এর মধ্যে মন্দের ভালো দেখছেন বিশ্লেষকেরা। উডস এবার নতুন করে গলফে মনোযোগ দিতে পারবেন। এ বছর এখন পর্যন্ত একটি জয়ও পাননি। সর্বশেষ মেজর জিতেছেন দুই বছর আগে। গলফ কোর্সে তাঁর সর্বশেষ জয়টি ছিল গত নভেম্বরে, অস্ট্রেলিয়ায়। এর দুই সপ্তাহ পরই জীবনের ছক পাল্টে দেওয়া ওই দুর্ঘটনা।দেখা যাক, সর্বকালের অন্যতম সেরা গলফার ক্যারিয়ার আর জীবনটাকে আবার ছকে ফিরিয়ে আনতে পারেন কি না। এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।