অবশেষে দেখা দিল আর্জেন্টিনা
মেসি-তেভেজরা কি তবে অদৃশ্য মানব হয়ে গেলেন নাকি! দক্ষিণ আফ্রিকায় পা রাখার দিন কিছু ছবি-টবি পাঠিয়েছিল বার্তা সংস্থাগুলো। কোচ-খেলোয়াড়দের কিছু কথাবার্তাও। এর পর থেকেই আর্জেন্টিনা দলের আর কোনো খবর নেই, ছবি নেই। বিচ্ছিন্ন ছেঁড়া ছেঁড়া দ্বীপের মতো টুকরো-টাকরা খবর পাওয়া যাচ্ছিল বটে। স্বাভাবিকভাবেই সারা পৃথিবীর সংবাদমাধ্যমের কর্মীদের মধ্যে ছিল বিস্ময়—কোথায় গিয়ে লুকালেন ম্যারাডোনা আর তাঁর শিষ্যরা!গত শনিবার দক্ষিণ আফ্রিকায় আসার পর লোকচক্ষুর অন্তরালে চলে যাওয়া আর্জেন্টিনা পরশু প্রথম হাজির হলো সংবাদ সম্মেলনে। খবরের শূন্যতা পূরণ করতে গিয়ে যেটা হয়, অনেক বানোয়াট খবর বাতাসে ছড়ায়, আর্জেন্টিনাকে নিয়েও এ রকম দু-চারটা গুঞ্জন ছড়িয়ে ছিল বৈকি। তবে প্রিটোরিয়ায় সাংবাদিকদের গিজগিজে ভিড়ের মধ্যে কোচ ডিয়েগো ম্যারাডোনা আর অধিনায়ক হ্যাভিয়ের মাচেরানো জানিয়ে দিলেন, আর্জেন্টিনা দল সহি-সালামতেই আছে। পূর্ণোদ্যমে চলছে প্রস্তুতি। দল নির্বাচন করতে গিয়ে স্পেনের ভিসেন্তে দেল বস্কের মতো ম্যারাডোনাও যে ভীষণ সমস্যাতেই পড়বেন, এ তো জানা কথাই। গত মাসে জার্মানির বিপক্ষে মিউনিখে গিয়ে ১-০ গোলে জিতে আসার পর মনে হয়েছিল, ম্যারাডোনা বুঝি তাঁর প্রথম একাদশ আর কৌশল সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছে গেছেন। তবে এখন বোঝা যাচ্ছে, বাস্তবে মোটেও সে রকম কিছু নয়। বরং কোচ নিজেই বলেছেন, অনুশীলনে ২৩ জনের প্রত্যেকে এমনভাবে উজাড় করে দিচ্ছে, বেঞ্চে কাদের বসিয়ে রাখবেন, সেই সিদ্ধান্ত নিতে রীতিমতো গলদঘর্ম হতে হচ্ছে তাঁকে।১২ জুন নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত অপেক্ষা করে দল গড়বেন বলে জানিয়েছেন তিনি। স্বভাবসুলভ ভাষায় উপমা আর কাব্যিক ঢঙে বলেছেন, ‘আসলে আমার কাছে ২৩টি বুনো বেড়াল আছে, যারা মাঠে নিজের জীবন বাজি রেখে লড়াই করার জন্য প্রস্তুত। আর তাই প্রতিটি ট্রেনিং সেশন শেষে আমার কাজটা আরও কঠিন হয়ে পড়ছে।’নাইজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগে আর্জেন্টিনা অবশ্য আর কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে না। সম্ভাব্য প্রথম একাদশ তো দুটি প্রস্তুতি ম্যাচের কোনোটিতেই খেলেনি। হাইতি ও কানাডার বিপক্ষে দুটি ম্যাচেই বিশ্রামে রাখা হয়েছিল মেসিকে। দলটার মধ্যে এতে বোঝাপড়ার ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে কেউ কেউ। কিন্তু প্রস্তুতি ম্যাচ না থাকাতেই ম্যারাডোনা বরং খুশি, ‘এ নিয়ে আমি মোটেও উদ্বিগ্ন নই। কারণ আমাদের অনুশীলনই খেলোয়াড়দের সেই পর্যায়ে নিয়ে যাচ্ছে, যেটা প্রীতি ম্যাচ খেলে সম্ভব হতো না। তা ছাড়া এই ম্যাচগুলোতে এক-দুজন খেলোয়াড়ের ইনজুরিতে পড়ার ঝুঁকিও থেকে যায়।’আর্জেন্টিনার এই দলে ২২-২৩ বছর বয়সী উদ্ধত তারুণ্য যেমন আছে, আছে ৩৫-৩৬ বছর বয়সী অভিজ্ঞ সেনানীরাও। ম্যারাডোনা বলছেন, কম অভিজ্ঞ তরুণেরা মানের দিক দিয়ে অনেক এগিয়ে আছে, আর অভিজ্ঞরা আছে শারীরিকভাবে দারুণ অবস্থায়।প্রতিপক্ষের উদ্দেশে ১০ নম্বর সতর্ক সংকেতই পাঠালেন ম্যারাডোনা, ‘আমরা সেই খেলাটাই খেলব, যেটা এই (আকাশি-সাদা) জার্সিটার উপযুক্ত। আর্জেন্টিনার মানুষদের আমি নির্ভার থাকতে বলি। কারণ এই দলটাকে হারাতে হলে প্রতিপক্ষকে তাদের সর্বোচ্চ চেষ্টারও বেশি কিছু করতে হবে।’হাইতি-কানাডার মতো দলের সঙ্গে জয়কে সঙ্গী করে বিশ্বকাপ খেলতে নামায় নিন্দুকেরা অনেক কথা বলছে। ম্যারাডোনা দিয়েছেন পাল্টা জবাব, ‘আর্জেন্টিনায় ফুটবল সম্পর্কে খোঁজ রাখে, এমন অনেকেই বলছে, আমরা মামুলি দলগুলোকে হারিয়েছি। কানাডার বিপক্ষে দুর্দান্তভাবে (৫-০ গোল জয়) জিতে আমরা শেষ করেছি...মনে রাখবেন স্পেনকে কিন্তু সৌদি আরবের বিপক্ষে ৩-২ গোলে জিততে অনেক ঘাম ঝরাতে হয়েছে।’আরও একটি সমালোচনা শুনতে হচ্ছে এবারের অন্যতম ফেবারিটদের। এত আগেভাগে দক্ষিণ আফ্রিকায় যাওয়া কেন? প্রশ্নটার উত্তর দিয়েছেন অধিনায়ক। মাচেরানো জানিয়েছেন, বিশ্বকাপ ঘিরে আর্জেন্টিনায় যে উন্মাদনা তৈরি হচ্ছিল, সেটার আঁচ যেন দলের ওপর না পড়ে, সে কারণেই এই ব্যবস্থা, ‘যে উন্মাদনা আর উত্তেজনা আর্জেন্টিনায় তৈরি হচ্ছিল, এর ফলে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা বলে কিছুই থাকছিল না। এই উদ্বেগের ঘেরাটোপ থেকে আমাদের মুক্তি দরকার ছিল। তাই আমাদের মনে হয়েছে, এখানে চলে আসাটাই মঙ্গল। এর ফলে শুধু অনুশীলনই নয়, আমাদের মধ্যে দলগত চেতনাও বিকশিত হবে।’ রয়টার্স, ওয়েবসাইট।