অবশেষে নাইজেরিয়া দলের নিষেধাজ্ঞা প্রত্যাহার
ফিফার বেঁধে দেওয়া সময়ের একেবারে দ্বারপ্রান্তে এসে গতকাল সোমবার নাইজেরিয়া ফুটবল দলের ওপর আরোপিত দুই বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গুডলাক জোনাথন। প্রেসিডেন্টের এই সিদ্ধান্তে দলটির আন্তর্জাতিক ফুটবলে অংশ নেওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না।বিশ্বকাপে বাজে পারফরম্যান্সে ক্ষুব্ধ হয়ে গত সপ্তাহে নাইজেরিয়া ফুটবল দলের ওপর দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করেন দেশটির প্রেসিডেন্ট। বিরোধী দলও প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানায়। কিন্তু এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য গতকাল সন্ধ্যা পর্যন্ত সময় বেঁধে দেয় ফিফা। এ সময়ের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে নাইজেরিয়ার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এরই ধারাবাহিকতায় নির্দিষ্ট সময়ের মধ্যে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো।ফিফার হুমকির কারণে নয়, নাইজেরিয়া ফুটবল ফেডারেশন ক্ষমা চেয়ে ভালো করার প্রতিশ্রুতি দিয়েছে বলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে—এমনটাই দাবি করছে সরকার। রয়টার্স জানায়, দেশটির প্রেসিডেন্টের দপ্তর থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, ‘ফেডারেশনের ক্ষমাপ্রার্থনা, নাইজেরিয়া ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রতিশ্রুতি এবং বর্তমান ও সাবেক নেতাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অঙ্গনে ফুটবলারদের অংশ নেওয়ার ক্ষেত্রে আরোপিত দুই বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছেন প্রেসিডেন্ট।’নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই নোটিশ তাত্ক্ষণিকভাবে ফিফার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। নোটিশ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে ফুটবলারদের মানবিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ফিফার একজন মুখপাত্র।